টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলার সময় এক নারী সহকর্মীকে জড়িয়ে ধরার পর সমালোচনার মুখে পড়েছেন এক অস্ট্রেলীয় টিভি রিপোর্টার। এ ঘটনাকে অনেকে নারী সাংবাদিকের সঙ্গে ক্রিকেটার ক্রিস গেইলের সাম্প্রতিক অশালীন আচরণের তুলনা করেছেন।
গত শনিবার উইকেন্ড সানরাইজ শোতে খবর উপস্থাপন করছিলেন মডেল মনিকা রাদুলোভিক। মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া ২০১৫-এর খেতাব পাওয়ার পর সেদিন ছিল রাদুলোভিকের প্রথম দিনের উপস্থাপনা। গোল্ড কোস্ট থেকে ম্যাজিক মিলিয়নস এর হর্স সেল নিয়ে রিপোর্টিং করছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন ৪০ বছর বয়সী ক্রীড়া সাংবাদিক হামিশ ম্যাকলাকলান। ঘোড় দৌড় আর অস্ট্রেলিয়ান ফুটবল লিগ নিয়ে রিপোর্ট করে থাকেন তিনি।
ঘটনার দিন রাদুলোভিক যখন ম্যাজিক মিলিয়নসে নিলামে তোলা ঘোড়াগুলোর দরদাম নিয়ে কথা বলতে যাচ্ছিলেন তখনই হঠাৎ করে সামনে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরেন হামিশ ম্যাকলাকলান। জিজ্ঞেস করেন, ‘এটা তোমার প্রথম দিন?’ তাৎক্ষণিকভাবে ম্যাকলাকলানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন রাদুলোভিক। ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘হ্যা হামিশ। দয়া করে পেশাদার আচরণ করুন।’
এরপরই সম্বিৎ ফিরে পান হামিশ। পেছন দিক দিয়ে চলে যেতে যেতে তিনি বলেন, ‘আমি যাচ্ছি…বের হচ্ছি….দুঃখিত।’ এরপর ক্যামেরার দিকে মুখ ঘুরিয়ে তিনি আবার বলে ওঠেন, ‘আমি ক্রিস গেইল নই। এটা তার প্রথম দিন আর মনে হচ্ছে সে উড়ছে।’
এরইমধ্যে ওই ঘটনার জন্য ক্ষমা চাইলেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে হামিশের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনাকে অনেকে ক্রিস গেইলের সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন। সম্প্রতি গেইল লাইভ ক্যামেরায় অস্ট্রেলীয় এক নারী সাংবাদিককে বলেন, ‘আমি নিজেই তোমার কাছে সাক্ষাৎকার দিতে আসতে চেয়েছিলাম। প্রথমবারের মত তোমার চোখ দেখার জন্য আমি এখানে। এগুলো খুবই সুন্দর। আশা করি আমরা খেলায় জিতে যাব এরপর আমরা একসঙ্গে ড্রিঙ্ক করতেও যেতে পারি। আমার কথায় লজ্জা করো না বেবি।’
ওই ঘটনার পর গেইলের বিরুদ্ধে তুমুল সমালোচনার ঝড় উঠেছিল। আর এবার হামিশের ঘটনাটিকে গেইলের সঙ্গে তুলনা করে টুইটারে একজন লিখেছেন, ‘হামিশের ঘটনা নিয়ে গেইলের চেয়ে কম নিন্দা হচ্ছে। তা কেন হচ্ছে সে ব্যাপারে আশ্চর্য হচ্ছি।’
আরেকজন লিখেছেন, ‘কীভাবে এটি ঠিক হল? কোন দিক দিয়েই বা এটি গেইলের ঘটনার চেয়ে ব্যতিক্রম হলো?’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস/ পিটিআই
/এফইউ/বিএ/








