জাতিসংঘ দুই ধাপে ত্রাণ পাঠাতে সমর্থ হলেও খাবারের অভাবে গত সপ্তাহে সিরিয়ার মাদায়া শহরে ৫ জনের প্রাণহানি হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ খবর নিশ্চিত করেছে। গত বছর ডিসেম্বরে ৩২জনের প্রাণহানির কথা জানিয়েছিল ত্রাণকর্মীরা।
সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ২৫ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং লেবানন সীমান্তের ১১ কিলোমিটার দূরে অবস্থিত এই মাদায়া শহর। গত ছয় মাস ধরে সরকারি বাহিনী এবং তাদের মিত্র লেবাননের হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকায় শহরটির ওপর আরোপ করা হয়েছে নানা নিষেধাজ্ঞা। ফলে গত ছয় মাসে ওই শহরে বাইরে থেকে কোন খাদ্যসামগ্রী প্রবেশ করেনি।
গত সপ্তাহে অবরুদ্ধ মাদায়ায় জাতিসংঘের দু’টি ত্রাণবাহী গাড়ি পৌঁছাতে সক্ষম হয়। ৪২ হাজার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী সরবরাহ করে সংস্থাটি। তারপরও থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল।
গার্ডিয়ান জানিয়েছে, মাদায়ায় এখন একটা বিস্কুট বিক্রি হচ্ছে ১৫ ডলারে, প্রতি কেজি দুধের দাম ৩১৩ ডলার। মাসের পর মাস ধরে অবরোধ থাকায় অপুষ্টি আর ক্ষুধায় জর্জরিত সেখানকার মানুষ। তাদের মধ্যে অনেকের জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা সেবা দরকার। তবে জাতিসংঘ এবং আরব রেডক্রসের তরফে কেবল ১০ জনকে রক্ষা করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, সিরিয়ার আসাদবিরোধী জাতীয় জোট মাদায়ার পরিস্থিতিকে ‘মানবিকতার বিপর্যয়’ হিসেবে সতর্ক করেছে। এ মাসেই জাতিসংঘের উদ্যোগে জেনেভাতে শান্তি আলোচনা হওয়ার কথা। গত ৫ বছর ধরে চলমান সংঘর্ষে সিরিয়ায় এ পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। সূত্র: গার্ডিয়ান
/বিএ/







