ভারতের তামিলনাড়ু রাজ্যের ভিল্লুপুরমে এক মেডিক্যাল কলেজের কুয়োর মধ্যে থেকে ওই কলেজের তিন ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
ওই তিন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। চেন্নাই থেকে ২০০ কিলোমিটার দূরের এসভিএস মেডিক্যাল কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।
পুলিশ দাবি করেছে, ওই শিক্ষার্থীদের সুইসাইড নোট উদ্ধার করেছে তারা। সুইসাইড নোটে তারা কলেজ কর্তৃপক্ষ বিশেষত কলেজের চেয়ারম্যানকে তাদের মৃত্যুর জন্য দায়ী করেছেন। পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষের কাছে ন্যূনতম দাবিদাওয়া পূরণের দাবিতে তাদের সংগ্রামের কথা লেখা আছে ওই সুইসাইড নোটে। জেলার পুলিশ প্রধান জানিয়েছেন, এ ঘ্টনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্ত চলছে।
এদিকে নিহত শিক্ষার্থীদের পরিবার দাবি করেছে, কলেজ কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীদের ওপর নানান ধরনের অনাচার করতো। নিহত এক শিক্ষার্থীর বাবা দাবি করেন, ‘এটা আত্মহত্যা নয়, এটা হত্যাকাণ্ড’। এই ঘটনার ভিল্লুপুরমের বাইরে চেন্নাইয়ে নিয়ে মরদেহগুলোর পোস্টমর্টেমের দাবি করেন তিনি। সূত্র: এনডিটিভি
/বিএ/








