বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরির ভারতের প্রজাতন্ত্র দিবসকে ঘিরে সেদেশে আত্মঘাতী হামলা চালাতে পারে; এমন আশঙ্কাকে সামনে রেখে তৎপর হয়েছে সেদেশের নিরাপত্তা বাহিনী। শনিবার রাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন চার সদস্য ভারতে আত্মঘাতী হামলা চালাতে পারেন, এমন খবরের ভিত্তিতে বারাসাতের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার কলকাতা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার এক শীর্ষ কর্মকতার বরাতে হিন্দুস্থান টাইমস জানায়, উত্তর ২৪ পরগণার বারাসাতে ওই চার বাংলাদেশি লুকিয়ে আছেন বলে খবর পাওয়ার পর ওই অভিযান চালানো হয়েছে।
বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের পক্ষ থেকে ভারতের ২৩টি এলাকায় বোমা হামলা হতে পারে বলে গত ১৮ জানুয়ারি রাজ্যগুলোকে সতর্কতা দেয় কেন্দ্রীয় সরকার। ২৩-২৬ জানুয়ারির মধ্যে এ হামলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
পরে চার বাংলাদেশ বারাসাতে লুকিয়ে আছেন বলে গোয়েন্দাদের তরফে দাবি করা হলে অভিযান শুরু করে পুলিশ। এক পুলিশ কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানায়, চার সন্দেহভাজনের মধ্যে দুজনের নাম আনিসুর রেহমান ও মোহাম্মদ আনসারি। বাকি দুজনের নাম জানা যায়নি। গোয়েন্দা তথ্য অনুযায়ী, আনিসুর ও আনসারি বারাসাতে আর বাকি দুজন মালদাতে লুকিয়ে আছেন।
তবে বারাসাতে অভিযান চালিয়ে আনিসুর ও আনসারিকে খুজেঁ পাওয়া যায়নি বলে জানান ব্যারাকপুর পুলিশের এক কর্মকর্তা। তিনি জানান, ‘আমরা এখন রাজ্যের অন্যান্য এলাকায়ও অভিযান চালাবো।’
হিন্দুস্তান টাইমস জানায়, এরইমধ্যে রাজ্যের কালিঘাট মন্দির, ভিক্টোরিয়া মেমোরিয়াল, রেলস্টেশন এবং দক্ষিণেশ্বর মন্দিরসহ জনসমাগমের এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, গত সপ্তাহে গোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন আনিসুর এবং আনসারি। এদিকে গত সপ্তাহেই (১৫ জানুয়ারি) উত্তর ২৪ পরগণার একটি ভাড়া বাড়ি থেকে ১৫ জন সন্দেহভাজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের পর ৯ জনকে গ্রেফতার করা হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস, পিটিআই
/এফইউ/বিএ/








