বনভূমিতে মানুষের অযাচিত হস্তক্ষেপ এড়ানো তথা বন্যপ্রাণীদের বাঁচাতে বনভূমি কিনলেন বলিউডের সংগীত পরিচালক অভিষেক রায়। সুরকার, প্লেব্যাক গায়ক, যন্ত্রশিল্পী হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে। বলিউডের পুরস্কারজয়ী অনেক সিনেমায় কণ্ঠ দিয়েছেন তিনি। এসব ছবির মধ্যে রয়েছে পান সিং তোমার, আই অ্যাম কালাম প্রভৃতি। কিন্তু এর বাইরে বনের বাসিন্দাদের বাঁচাতে বনভূমি কিনে আলোচিত হয়েছেন তিনি।
উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কের নিকটবর্তী একটি বনভূমি কিনে নিয়েছেন অভিষেক রায় এবং বাঘের জন্য সংরক্ষিত এ বনভূমির দেখভালও করেন তিনি। শুধুমাত্র বনভূমিতে মানুষের অনধিকারচর্চা বা অযাচিত হস্তক্ষেপ এড়ানোর জন্যই এটি ক্রয় করেন তিনি।
বর্তমানে প্রায় সর্বত্র আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রাণীদের সঙ্গে মানুষের সংঘাতের চিত্র। এজন্য সবসময়ই আমরা প্রাণীদের দোষারোপ করি। বলা হয়, বন থেকে ওরা লোকালয়ে প্রবেশ করেছে। কিন্তু এই বাস্তবতা আমরা অনুধাবন করতে পারি না যে, প্রাণীদের জন্য আমরা আর কোনও জায়গা অবশিষ্ট রাখিনি। দখল আর দূষণের শিকার হয়েছে ওদের আবাসভূমি। নিজেদের এলাকায় ওদের শন্তিতে থাকার অধিকারটুকুও আমরা কেড়ে নিয়েছি।
শুধু বনভূমি দখল করেই ক্ষান্ত হয়নি মানুষ, পর্যায়ক্রমে নদী, পাহাড়েও চলেছে মানুষের দখলদারিত্ব। মানুষের লোভের বলি হচ্ছে বন্যপ্রাণীরা। এমন বাস্তবতায় অভিষেকের রায়ের এমন উদ্যোগ প্রশংসনীয়।
অভিষেক রায় বলেন, মানুষের দখলের কারণে বাঘের মতো বন্যপ্রাণীদের আশ্রয়স্থল কমছে। আমি সবসময় চেষ্টা করেছি এ বিষয়টা নিয়ে কিছু করতে। তাই নিজের সব জমানো অর্থ দিয়ে এ জায়গাটি কিনে নিয়েছে। আমি এর নাম দিয়েছি ‘সীতাবাণী ওয়াইল্ডলাইফ রিজার্ভ’।
শুধু বনভূমি কেনাই নয়, অভিষেকের গানেও প্রকৃতিপ্রেমের বিষয়টি লক্ষ্যণীয়। গানের পাশাপাশি বাস্তব জীবনেও প্রাণীদের জন্য জঙ্গল কেনার তার এই উদ্যোগকে প্রশংসনীয় বলে মনে করছেন প্রকৃতিপ্রেমীরা।
/এমপি/








