তাইওয়ানে শনিবারের ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের নির্মাতাকে গ্রেফতার করা হয়েছে। ভবনটি ধসের জন্য নির্মাণজনিত ত্রুটিকে দায়ী করার পর তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
শনিবার ভূমিকম্পের সময় তাইনানে অবস্থিত ১৭ তলাবিশিষ্ট ওয়েগুয়ান জিনলং অ্যাপার্টমেন্টটির ভেতরে থাকা অন্তত ৩৯ জন মানুষ প্রাণ হারান। শনিবার ভূমিকম্পে তাইওয়ানে মারাত্মকভাবে বিধ্বস্ত হওয়া গুটিকয়েক ভবনগুলোর মধ্যে এটি একটি। ঘটনার পরই ভবনটির নির্মাণজনিত ত্রুটির প্রসঙ্গটি বেশ জোরালো হয়ে ওঠে।
তাইনান নগর সরকারের আইনবিভাগের পরিচালক সিয়াও পোজেন জানান, মঙ্গলবার, ওয়েগুয়ান জিনলং এর নির্মাতা লিন মিং হুইকে গ্রেফতার করা হয়েছে।
এ পর্যন্ত ৩২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও চাপা পড়ে আছেন শতাধিক মানুষ। ধ্বংসস্তূপ থেকে আর কোনও জীবিতকে উদ্ধার করার আশা ফুরিয়ে যাওয়ায় ভবনের ভেঙে পড়া অংশগুলো সরাতে ভারি যন্ত্র ব্যবহার শুরু করেছেন উদ্ধারকারীরা। উদ্ধার অভিযানে মোতায়েন রয়েছেন শত শত সেনা সদস্য।
ওয়েগুনান জিনলং ভবনটি ধসে পড়ার পেছনে নির্মাণজনিত অবহেলা ছিল কিনা সে ব্যাপারে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।
শনিবার তাইওয়ানে ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে।ওই ঐ ভূমিকম্পে তাইনান শহরের আরও নয়টি বহুতল ভবন হেলে পড়েছে। আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত কুকুর নিয়ে প্রায় ৯০০ সেনা সদস্য উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। এর আগে ১৯৯৯ সালে তাইওয়ানে বড় ধরনের ভূমিকম্পে প্রায় ২৪০০ মানুষের মৃত্যু হয়। সূত্র: বিবিসি।
/এফইউ/








