জার্মানিতে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দেড়শ জন। এর মধ্যে ৫০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার মিউনিখের ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাভারিয়া রাজ্যের বাড আইব্লিং এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে৷
ট্রেন দুটি রোজেনহাইম ও হোলৎসকির্শেন এলাকায় চলাচল করে থাকে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে নিহতের সংখ্যা ১০ বলে জানিয়েছে বিবিসি।
গত কয়েক বছরের মধ্যে ওই অঞ্চলে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা৷
আঞ্চলিক ট্রেন কোম্পানি মেরিডিয়ান বলেছে, একই লাইনে ঘটা এ সংঘর্ষে দুটো ট্রেনই আংশিক লাইনচ্যুত হয়ে একটি আরেকটির সঙ্গে আটকে গেছে। বগিগুলো উল্টে গেছে।
দুর্ঘটনাস্থলে জরুরিভিত্তিতে চিকিৎসক, অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে৷ আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।
দুর্ঘটনাস্থলের আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং রোজেনহাইম ও হোলৎসকির্শেন এলাকার মধ্যকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উদ্ধার তৎপরতার পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে তদন্তও শুরু হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
/এনএস/এমএসএম








