উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে পরিচালিত কায়েসং শিল্পাঞ্চলে সব কার্যক্রম বন্ধ করতে শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা এবং রকেট উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত নেয় দক্ষিণ কোরিয়া।
সিউল কর্তৃপক্ষ বলছে, তাদের এ পদক্ষেপের কারণে পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের জন্য উত্তর কোরিয়ার অর্থ সংকট তৈরি হবে। তবে ঠিক কতদিন এ অচলাবস্থা জারি রাখা হবে, তা জানানো হয়নি।
কায়েসং শিল্পাঞ্চলে কাজ করছে দক্ষিণ কোরিয়ার ১২৪টি কোম্পানি। সেখানে উত্তর কোরিয়ার হাজার হাজার কর্মী কাজ করে থাকে। নিজস্ব প্রতিনিধির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, কায়েসং শিল্প এলাকা থেকে বেশ কিছু সরঞ্জাম আর কাঁচামাল সরিয়ে নিতে শুরু করেছে দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়ায় কঠোর অবরোধ আরোপের পক্ষে যুক্তরাষ্ট্রের সিনেটে সিদ্ধান্ত হওয়ার পর দক্ষিণ কোরিয়া কায়েসং শিল্প পার্কে কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়।
২০০৪ সালে গঠন করা হয় কায়েসং শিল্প পার্ক। দুই কোরিয়ার মধ্যে সহযোগিতা টিকে আছে এ শিল্পপার্কের মাধ্যমে। তাছাড়া, এটি পিয়ংইয়ংয়ের জন্য রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎসও। এর আগে একবার দক্ষিণ কোরিয়ার সম্পর্ক অবনতি হওয়ার পর ২০১৩ সালে ৪ মাসেরও বেশি সময় ধরে কায়েসং শিল্পাঞ্চলে কার্যক্রম বন্ধ রেখেছিল উত্তর কোরিয়া। সূত্র: বিবিসি
/এফইউ/বিএ/








