ভারতের রাজধানী দিল্লিতে ফের ফিরছে গাড়ি চলাচলে জোড়-বিজোড় ব্যবস্থা। আগামী ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দিল্লির রাস্তায় দ্বিতীয় দফায় এ ব্যবস্থা চালু হবে। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১ জানুয়ারি থেকে ১৫ দিনের জন্য দিল্লির রাস্তায় চালু হয়েছিল প্রথম দফার জোড়-বিজোড় ব্যবস্থা। একদিন জোড় সংখ্যার নম্বর প্লেটের সব গাড়ি, অন্যদিন বিজোড় সংখ্যার নম্বর প্লেটের সব গাড়ি রাস্তায় বেরিয়েছিল।
দিল্লিতে বায়ু দূষণের মাত্রা যেভাবে সীমা ছাড়িয়েছে, তার জন্য রাস্তায় গাড়ির সংখ্যা কমাতে এই সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই ১৫ দিন শুধু যে দিল্লির যানজট অনেক কম ছিল শুধু তাই নয়, বায়ু দূষণও অনেকটা কমেছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
পূর্ব অভিজ্ঞতা মাথায় রেখেই ফের ১৫ দিনের জন্য জোড়-বিজোড় নীতি ফিরিয়ে আনা হচ্ছে। দিল্লির বাসিন্দাদের ওপর চালানো এক সমীক্ষায় দেখা গেছে, ৮১ শতাংশ মানুষ জোড়-বিজোড় ফিরিয়ে আনতে চাইছেন। তবে এবারও স্কুটার, মোটরসাইকেলের মতো দুই চাকার গাড়িকে ছাড় দেওয়া হয়েছে। অবশ্য এখনই দিল্লিতে জোড়-বিজোড় পদ্ধতি স্থায়ীভাবে চালু করার বিষয়ে ভাবছে না কেজরিওয়াল প্রশাসন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
/এমপি/








