রাশিয়া থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। ইউক্রেন যুদ্ধে মস্কোর ওপর আর্থিক চাপ সৃষ্টি করতে শুক্রবার (১০ মার্চ) এই পদক্ষেপ নেয় দেশটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অ্যালুমিনিয়ামের পাত, কন্টেইনার, ইস্পাতের টিউব, পাইপসহ অ্যালুমিনিয়াম ও ইস্পাতের তৈরি পণ্য ও কাঁচামালের ওপর জারি থাকবে এই নিষেধাজ্ঞা।
কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, ‘এই যুদ্ধে অবশ্যই ইউক্রেন জিতবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবৈধ ও বর্বর এই আগ্রাসনের অর্থায়ন সীমিত করতে আমরা যথাসম্ভব চেষ্টা করে যাবো।’
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেড় হাজারেরও বেশি রুশ ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। যার মধ্যে সর্বশেষ নিষেধাজ্ঞাটি ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর। এছাড়া, গত মাসে যুক্তরাষ্ট্রও রুশ অ্যালুমিনিয়াম ও এই ধরনের অন্যান্য পণ্যে ২০০ শতাংশ শুল্ক আরোপ করে।
ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই কিয়েভকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে কানাডা। এর মধ্যে ৩৬২ কোটি ডলারের আর্থিক সহায়তা ছাড়াও দিয়েছে সামরিক ও অন্যান্য সুবিধা।
সরকারি তথ্য অনুসারে, ২০২১ সালে ১৮ কোটি ৬১ লাখ ডলারের রুশ অ্যালুমিনিয়াম ও ইস্পাত পণ্য আমদানি করেছিল কানাডা।









