২৩ জন আরোহী নিয়ে নেপালের পশ্চিম পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। তারা এয়ার পরিচালিত টুইন অটার বিমানটি পোখারা থেকে পর্বতারোহণের অঞ্চল জমসমের দিকে যাচ্ছিল বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
নেপালের বিমান কর্মকর্তাদের একজন জানান, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হেলিকপ্টারের মাধ্যমে টহল দিয়ে বিমানটি খোঁজা হচ্ছে। তবে বৈরি আবহাওয়ার কারণে অভিযানে বিঘ্ন ঘটছে বলে জানান কর্মকর্তারা।
রাজধানী কাঠমুন্ডু থেকে ২শ কিলোমিটার পশ্চিমে পর্যটন শহর পোখারার অবস্থান। আর সেখান থেকে উত্তরে অবস্থিত জমসন। অনেক মানুষই হিমালয়ে আরোহণের জন্য জমসন পয়েন্টটি ব্যবহার করে থাকেন। তবে এ দুই এলাকার মাঝে কোনও অবতরণ এলাকা নেই।
নেপালের বিমান পরিচালনা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা ব্যবস্থার দিক দিয়ে দুর্বল। ২০১৩ সালে ইউরো অঞ্চলে নেপালি এয়ারলাইন্সগুলোর উড্ডয়ন নিষিদ্ধ করা হয়। ১৯৪৯ সাল থেকে নেপালে এ পর্যন্ত ৭০টিরও বেশি বিমান দুর্ঘটনা হয়েছে। আর এসব ঘটনায় নিহত হয়েছে ৭শ জনেরও বেশি মানুষ। সূত্র: বিবিসি
/এফইউ/







