আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) এর নতুন এক প্রতিবেদনে বৈশ্বিক অর্থনীতি আগের চেয়ে আরও নাজুক হয়ে পড়েছে বলে সতর্ক করা হয়েছে। ক্রমবর্ধমান বাণিজ্যিক অস্থিরতা এবং সম্পদের দরপতনের মধ্যেই এ এ অর্থনৈতিক মন্থরতা দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
সাংহাইতে জি টুয়েন্টিভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের মধ্যকার বৈঠককে সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করেছে আইএমএফ। প্রতিবেদনে বলা হয়, চীনা অর্থনীতির মন্থরতার প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতির দেশ চীনে ২৫ বছরের মধ্যে সবচেয়ে মন্থর পরিস্থিতি চলছে।
আইএমএফের মতে, বাজারের অস্থিরতা, তেলের দরপতন এবং ভূরাজনৈতিক দ্বন্দ্বের কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাসের ব্যত্যয় ঘটতে পারে।
চলতি বছরের শুরুতে প্রত্যাশিত বৈশ্বিক প্রবৃদ্ধিজনিত লক্ষমাত্রার পূর্বাভাস ০.২ কমিয়ে নেয় আইএমএফ। সংস্থাটি এখন প্রত্যাশা করে যে এ বছর বৈশ্বিক প্রবৃদ্ধি ৩.৪ শতাংশ বাড়বে এবং ২০১৭ সালে প্রবৃদ্ধি বাড়বে ৩.৬ শতাংশ। এপ্রিলে এ লক্ষ্যমাত্রা আরও কমানো হতে পারে বলে আশঙ্কা করছে অর্থ তহবিল।
বৈশ্বিক অর্থনীতির মন্থরতা ঠেকাতে বিশ্বের সবচেয়ে নাজুক অর্থনীতির দেশগুলোর জন্য নতুন নীতি ও পরিকল্পনা প্রণয়নে জি টুয়েন্টিভুক্ত দেশগুলোকে সুপারিশ করেছে আইএমএফ। সূত্র: বিবিসি
/এফইউ/বিএ/








