অধিকৃত পশ্চিম তীরে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযান ও গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ ক’জন ফিলিস্তিনি।
প্যালেস্টাইনের মেডিক্যাল সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, মঙ্গলবার সকালে কালানদিয়া শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় ফিলিস্তিনিদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান ২২ বছর বয়সী ইয়াদ ওমর সাজাদিয়া। ওই সময় আরও অন্তত ১০ জন আহত হন।
তবে ইসরায়েলি পুলিশের মুখপাত্রের দাবি, শরণার্থী শিবিরে ভুল করে সেনাবাহিনীর একটি জীপ ঢুকে পড়ার পরই সংঘর্ষের সূত্রপাত হয়।
এর আগে সোমবার ভোর হওয়ার আগেই পশ্চিম তীর এলাকার বিভিন্ন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ২৭ ফিলিস্তিনি গ্রেফতার হন। পরে হেবরন শহরে গুলি করার চেষ্টার অভিযোগে আরও দুই ফিলিস্তিনিকে আটক করা হয়।
পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকাসহ পশ্চিম তীর দখল করে যাওয়ার কারণে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ সাম্প্রতিক মাসগুলোতে সহিংসতায় রূপ নিয়েছে। গত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১৭৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আর ফিলিস্তিনিদের প্রতিরোধ হামলায় নিহত হয়েছেন অন্তত ২৮ জন ইসরায়েলি। সূত্র: আলজাজিরা
/এফইউ/







