অধিকৃত পশ্চিম তীরে দুটি পৃথক ঘটনায় দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটি ইসরায়েলি বসতিতে অনুপ্রবেশের জন্য একজনকে আর গ্যাস স্টেশনে অন্যজনকে শনিবার (৩১ আগস্ট) হত্যা করার কথা বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসীরা কারমেই তুযুর কলোনিতে অনুপ্রবেশ করেছিলো। এসময় তারা এক নিরাপত্তারক্ষীকে গাড়িচাপা দেওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে সেনাসদস্যরা উপস্থিত হলে তাদের ওপর গুলি চালায় এক হামলাকারী। সেনাদের পাল্টা গুলিতে ওই ব্যক্তি নিহত হয়।’
ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের দেহে গুলির আঘাত রয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ওই বিবৃতিতে আরও জানানো হয়, অপর ঘটনায়, এক গ্যাস স্টেশনে গাড়ি বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে তাদের ওপর আক্রমণ করে এক ব্যক্তি। তখন সেনাবাহিনীর গুলিতে হামলাকারী নিহত হয়।
সেনাবাহিনী বলেছে, ঘটনা দুটো সম্পর্কিত কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস, শনিবার এক বিবৃতিতে এই দুই ঘটনাকে ‘দ্বৈত বীরোচিত অভিযান’ বলে প্রশংসা করেছে। তারা দাবি করেছে, এই ঘটনা প্রমাণ করে যে, যতদিন তাদের ভূমি ও মানুষের ওপর দখলদাররা আগ্রাসন চালিয়ে যাবে, প্রতিরোধ ততদিন বজায় থাকবে।
তবে, হামলাগুলোর জন্য গোষ্ঠীটি সরাসরি দায় স্বীকার করেনি।








