গত বছর আল্পস পর্বতমালার ফরাসি অংশে জার্মান উইংসের বিমান বিধ্বস্তের ঘটনার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে ইচ্ছাকৃত বিমান বিধ্বস্তের ঘটনা এড়াতে পাইলটদের জন্য মেডিকেল তথ্যজনিত গোপনীয়তা শিথিল করার সুপারিশ করেছেন ফরাসি তদন্তকারীরা। সেইসঙ্গে পাইলটদের মেডিকেল পরীক্ষা আরও কঠোর করারও পরামর্শ দেওয়া হয়েছে।
২০১৫ সালের ২৪ মার্চ ১৫০ জন আরোহী নিয়ে আল্পস পর্বতমালায় বিধ্বস্ত হয় জার্মান উইংসের বিমানটি। বিমানের ককপিট ভয়েস রেকর্ডারের তথ্য বিশ্লেষণের পর সে সময়ই তদন্তকারীরা জানান, ককপিটের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলেন আন্দ্রিয়াস। ঢুকতে দেননি পাইলটকেও। আর তাই প্রসিকিউটরদের বিশ্বাস, ইচ্ছে করেই বিমানটি বিধ্বস্ত করেন কো-পাইলট আন্দ্রিয়াস লুবিৎস।
রবিবার ফরাসি তদন্তকারীরা জানান, জার্মান উইংসের বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক সপ্তাহ আগেই এক চিকিৎসক আন্দ্রিয়াসকে মানসিক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। অথচ চিকিৎসকের এ পরামর্শের কথা বিমান কর্তৃপক্ষকে সে সময় অবহিত করা হয়নি।
তদন্তকারীরা জানান, ২০০৮ সালে পাইলট হওয়ার জন্য যখন প্রথমবারের মতো আবেদন করেছিলেন, তার আগেই আন্দ্রিয়াসের হতাশা ধরা পড়েছিল। আবেদনে মানসিক স্বাস্থ্য নিয়ে পূর্ব ইতিহাস তুলে ধরার কথা বলা থাকলেও আন্দ্রিয়াস তা করেননি।
এ ধরনের ঘটনা এড়াতে বছরে একবার পাইলটদের মানসিক পরীক্ষার সুপারিশ করেন তদন্তকারীরা। এছাড়া চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে বিমানের ককপিটে একাধিক লোক রাখারও সুপারিশ করা হয়েছে। সূত্র: বিবিসি, মিরর
/এফইউ/বিএ/








