নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধের তীব্রতা না বাড়ানোর পরামর্শ দিয়েছেন। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবগত এক কর্মকর্তা রবিবার (১০ নভেম্বর) এ দাবি করেছেন। একই সময়ে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য ট্রাম্পকে অনুরোধ করতে যাচ্ছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ওই ব্যক্তি বলেছেন, সম্প্রতি পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প। এদিকে, বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন তিনি।
ইউক্রেনের প্রতি বাইডেন প্রশাসনের সামরিক ও আর্থিক সহায়তার ব্যাপ্তি নিয়ে কড়া সমালোচনা করে আসছেন ট্রাম্প। তার দাবি, দায়িত্ব পেলে ২৪ ঘণ্টায় তিনি যুদ্ধের অবসান ঘটাতে পারবেন। তবে তার পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্প ও পুতিনের কথোপকথন সম্পর্কে তারা আগে থেকে অবগত ছিল না। ফলে তাদের দিক থেকে কোনও সমর্থন বা বিরোধিতা প্রকাশ করা হয়নি।
ট্রাম্পের কমিউনিকেশনস ডাইরেক্টর স্টিভেন চিয়াং বলেছেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্য বিশ্বনেতার মধ্যে ব্যক্তিগত কথোপকথন সম্পর্কে আমরা কোনও মন্তব্য করি না।'
৫ নভেম্বরের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানুয়ারির ২০ তারিখে দায়িত্ব গ্রহণ করবেন।
হোয়াইট হাউজে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। এ বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, বাইডেনের মূল বার্তা হবে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি। তিনি ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন।
সিবিএস নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে সুলিভান বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে না দাঁড়ালে ইউরোপে অস্থিতিশীলতা দেখা দিতে পারে বলে বিশ্বাস করে মার্কিন প্রশাসন। পরবর্তী ৭০ দিনের মধ্যে কংগ্রেস ও প্রশাসনের কাছে সে যুক্তি তুলে ধরবেন প্রেসিডেন্ট বাইডেন।
তিনি আরও বলেছেন, বাইডেন কংগ্রেসের কাছে ইউক্রেনের জন্য অতিরিক্ত তহবিলের জন্য কোনও নির্দিষ্ট প্রস্তাব দেননি। তবে তিনি ইউক্রেনের জন্য সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করবেন।








