অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলের (নারী) খেলোয়াড়দের নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইতে বাধ্য হলেন দেশটির বৃহত্তম রেডিও নেটওয়ার্কের সঞ্চালক মার্টি শিয়ারগোল্ড। নারীবিদ্বেষী ও অসম্মানজনক মন্তব্য করায় সমালোচনার মুখে বুধবার (২৫ ফেব্রুয়ারি) নতি স্বীকার করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সংক্ষিপ্ত এক বিবৃতিতে তিনি বলেছেন, হাস্যরস করতে গিয়ে অনেকে আমরা মাঝেমধ্যে একটু বাড়াবাড়িই করে ফেলি। আমিও করেছি। মাটিল্ডাদের নিয়ে আমার মন্তব্যে সবাই কেন ক্ষুব্ধ হয়েছিলেন আমি বুঝতে পেরেছি। ওই মন্তব্যের জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
অস্ট্রেলীয় নারীদের জাতীয় ফুটবল দলের সদস্যদের মাটিল্ডা বলা হয়। দেশটিতে নারী ও পুরুষ ক্যাটাগরি মিলিয়ে জাতীয় পর্যায়ের দলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় দল এটি।
কিছুদিন আগে ট্রিপল এম রেডিও নেটওয়ার্কে সরাসরি অনুষ্ঠান চলাকালে শিয়ারগোল্ড বলেছিলেন, মাটিল্ডাদের খেলা এতটাই বিরক্তিকর যে, তাদের দেখলে ১০ বছরের বাচ্চাদের খেলার কথা মনে পড়ে যায়। এরপর আলাপচারিতার ধারাবাহিকতায় সামনের বছরের এএফসি উইমেন্স এশিয়ান কাপের কথা উঠে এলে তিনি মাঝপথে বলেন, পুরুষদের কোনও খেলা কী নেই কথা বলার জন্য?
তার এই মন্তব্যকে অগ্রহণযোগ্য এবং গভীর হতাশাজনক উল্লেখ করে দেশটির ক্রীড়া কর্তৃপক্ষ বলেছে, নারী ফুটবল বিশ্বকাপ ২০২৩-এ অসাধারণ কৃতিত্ব অর্জন করা দলের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন মার্টি।
ক্রীড়ামন্ত্রী আনিকা ওয়েলস বলেছেন, মার্টির মন্তব্য ছিল সম্পূর্ণ অভব্য, বিরক্তিকর ও ভ্রান্ত। গত বিশ্বকাপে মাটিল্টাডের সেমিফাইনাল ম্যাচ অসংখ্য অস্ট্রেলীয় দেখেছেন। দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক দর্শক খেলাটি টিভিতে উপভোগ করেছেন।
মার্টির বক্তব্যের সমালোচনা করেছেন অস্ট্রেলীয় হকি দলের অলিম্পিয়ান অ্যামব্রসিয়া ম্যালোন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, তার কথা শুনে আমার কেবল মাথায় আসছিল ওই বাচ্চা মেয়েগুলোর কথা, যারা হয়ত প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরছিল। এই মন্তব্য শুনে তাদের মনের অবস্থা কেমন হয়ে থাকবে, ভাবতে পারেন!
অস্ট্রেলিয়ার ফুটবল কর্তৃপক্ষ বলেছে, এই ঘটনা সংবাদমাধ্যমের দায়িত্বশীলতায় সতর্ক হওয়ার বিষয়ে আরেকটি উদাহরণ হয়ে থাকবে।








