চীনের উত্তরাঞ্চলের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় অন্তত ১৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খবরটি জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানায়, বুধবার শানজি প্রদেশের শোয়োঝৌ শহরের একটি কয়লা খনিতে এ দুর্ঘটনা হয়। তবে এখনও দুর্ঘটনার কারণ জানা না গেলেও আগুন লেগে কিংবা গ্যাস লাইনে ফুটো হয়ে দুর্ঘটনাটি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শানজি দাতং কোল মাইন গ্রুপের আওতায় কয়লা খনিটি পরিচালিত হয়ে থাকে। নিজস্ব প্রতিবেদকের বরাতে আলজাজিরা জানায়, দুর্ঘটনার সময় কয়লা খনিটিতে ১২৯ জন শ্রমিক অবস্থান করছিলেন। পরে সেখান থেকে ১১০ জন শ্রমিক বের হয়ে আসতে সক্ষম হলেও বাকি ১৯ জন নিহত হন।
চীন বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ। দেশটির কয়লাখনিতে দুর্ঘটনা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
চলতি মাসের শুরুতেও চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস লাইন ফুটো হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়। তবে চীনের সরকারের দাবি, কয়লাখনিগুলো মৃত্যুফাঁদ হয়ে ওঠার কারণে খনিগুলোতে নিরাপত্তা বাড়ানোর চেষ্টা চলছে। যেসব কয়লা খনিতে নিরাপত্তা ব্যবস্থা ঘাটতি রয়েছে সেগুলোর নির্বাহীদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। সরকারের দাবি, আগের চেয়ে কয়লা খনিতে দুর্ঘটনা ও মৃত্যুহার কমেছে। ২০১৪ সালে কয়লা খনিতে দুর্গটনায় ৯৩০ জনের মৃত্যুর তথ্য নিবন্ধিত করা হয়। অবশ্য ২০০২ সালে কয়লা খনিতে দুর্ঘটনায় ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সূত্র: আল জাজিরা
/এফইউ/বিএ/








