হিথ্রো বিমানবন্দরে বোর্ডিংয়ের সময় কেবিন ক্রুদের সঙ্গে অশোভন আচরণের দায়ে ব্রিটিশ বাংলাদেশি মমনুন আহমেদকে (৩৫) লন্ডনের একটি আদালত জরিমানা করেছে।
সোমবার (১৬ মার্চ) আদালত এই রায় দেন। আদালত তাকে ১,৯৮৩ পাউন্ড জরিমানা করেছেন।
গতবছরের ৬ জুলাই লন্ডন থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি২০২ ফ্লাইটে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আদালতের সাক্ষ্য অনুযায়ী, বোর্ডিংয়ের সময় ক্রুদের নিরাপত্তা প্রটোকল মেনে চলার চেষ্টা এবং এয়ারলাইন্সের নীতিমালা মানতে অস্বীকার করার কারণে মমনুনের আচরণ শেষ পর্যন্ত শারীরিক সংঘর্ষে রূপ নেয়। এতে আন্তর্জাতিক ফ্লাইটটি এক ঘণ্টার বেশি বিলম্বিত হয়।
আক্সব্রিজ ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির সময় প্রসিকিউশন ঘটনার বিস্তারিত তুলে ধরেন। মমনুনের পক্ষ দাবি করে যে ক্রু সদস্যদের “অহমিকা” রক্ষা করতেই এই অভিযোগ আনা হয়েছে। কিন্তু আদালত বিমানের ক্রু ফিরোজ আবিরের সাক্ষ্যকে নির্ভরযোগ্য ও সঙ্গতিপূর্ণ মনে করে। আদালত পর্যবেক্ষণ করেছে, মমনুনের আচরণে মদ্যপানের প্রভাব স্পষ্ট ছিল এবং তিনি ব্রিটিশ নাগরিকত্বের আড়ালে ক্রুদের নির্দেশনা অমান্য করতে চেয়েছিলেন।









