অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, যন্তর মন্তরে আন্দোলন থামবে?

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ০৮:২৮আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৮:৫৩

ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট)–এর প্রশ্নফাঁস ও অনিয়মের প্রতিবাদে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন ভেঙেছেন। তবে এ ঘটনায় দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থীদের আন্দোলন আপাতত থামছে না। আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। (খবর দ্য হিন্দ্যু)

এদিকে আজ শুক্রবার (২৪ জুলাই) সরকারের সঙ্গে সিজেপির আলোচনার কথা রয়েছে। আন্দোলনকারীদের দাবি অনুযায়ী সরকার নিরপেক্ষ ভেন্যুতে আলোচনায় রাজি হয়েছে। ভারতের কনস্টিটিউশন ক্লাবে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। লেহ অ্যাপেক্স বডির সহ-সমন্বয়ক চেরিং দর্জে লাখরুক জানান, সরকারের পক্ষ থেকে লিখিতভাবে আশ্বাস দেওয়া হয়েছে যে সহিংসতায় জড়িত না থাকা শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হবে। পাশাপাশি আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে। পরে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিং গুরগাঁওয়ের মেডান্টা হাসপাতালে গিয়ে সরকারের আশ্বাস পৌঁছে দিলে ওয়াংচুক অনশন সমাপ্তির ঘোষণা দেন।

অন্যদিকে মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নফাঁসের বিষয়টি আলোচনা হবে। আগামী সপ্তাহে এ বিষয়ে সংসদে একটি বিলও আনা হবে। তিনি বলেন, প্রশ্নফাঁসের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তবে সিজেপির দাবি, শুধু কঠোর আইন করলেই হবে না। পরীক্ষায় অনিয়মের জন্য সবচেয়ে কঠোর পদক্ষেপ হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ করা। দলটির দাবি, প্রশ্নফাঁসের ঘটনায় তার জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার আনতে হবে।

এদিকে কেন্দ্রীয় সরকার উচ্চশিক্ষা সচিব বিনীত জোশিকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ে বদলি করেছে। তাঁর জায়গায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নরেশ পাল গাঙ্গোয়ারকে নতুন উচ্চশিক্ষা সচিব করা হয়েছে। একই সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব টি কে অনিল কুমারকে স্কুলশিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদি প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণাও দেন। তিনি বলেন, তরুণদের ভবিষ্যৎ রক্ষা করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং যারা তাদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তবে আন্দোলনকারীদের মতে, সরকারের এসব উদ্যোগে শিক্ষামন্ত্রীর জবাবদিহির বিষয়টি অনুপস্থিত।

এরই মধ্যে দিল্লি হাইকোর্ট প্রশ্নফাঁস ও সরকারি পরীক্ষায় অনিয়মসংক্রান্ত মামলার জন্য একটি বিশেষ আদালত নির্ধারণ করেছে। অন্যদিকে বিরোধী দল কংগ্রেসও সরকারের সমালোচনা অব্যাহত রেখেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, মোদি সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এবং শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ করেছে।

যন্তর মন্তরে বৃহস্পতিবারও কড়া নিরাপত্তা বজায় ছিল। টানা দ্বিতীয় দিনের মতো মধ্য দিল্লির বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। ১৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয় এবং যন্তর মন্তরের দেড় কিলোমিটার এলাকায় মধ্যরাত পর্যন্ত মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত ছিল। তবে এসবের মধ্যেও আন্দোলনকারীরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

/ইউএস/
সম্পর্কিত
ভারতের ‘ডিমের রাজধানী’ কোন শহর
আন্দোলনে সমর্থনের পর অবস্থান বদল? শিক্ষার্থীদের ফিরে যেতে বললেন সালমান খান
প্রশ্নফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির
সর্বশেষ খবর
দেশে ভবিষ্যৎ দেখছে না তরুণরা, কেন বাড়ছে বিদেশমুখী স্রোত?
দেশে ভবিষ্যৎ দেখছে না তরুণরা, কেন বাড়ছে বিদেশমুখী স্রোত?
ভারতের ‘ডিমের রাজধানী’ কোন শহর
ভারতের ‘ডিমের রাজধানী’ কোন শহর
অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে চক্ষুস্বাস্থ্যে স্মার্টফোন ভিশন সিনড্রোমের প্রভাব
অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে চক্ষুস্বাস্থ্যে স্মার্টফোন ভিশন সিনড্রোমের প্রভাব
আন্তর্জাতিক বেস্টসেলার জাপানি উপন্যাস 'উই'ল প্রেসক্রাইব ইউ আ ক্যাট'
আন্তর্জাতিক বেস্টসেলার জাপানি উপন্যাস 'উই'ল প্রেসক্রাইব ইউ আ ক্যাট'
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ