বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৫ আগস্ট (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি স্থায়ী করার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের; স্কুলে হিজাব পরার অধিকার চেয়ে রিট, খারিজ করে দিলেন ভারতের আদালত; বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী; চার বছর পর গম রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের, বাংলাদেশের লাভ কোথায়?; হাজার মাইল দূরের বিমান লক্ষ্য করতে হাইপারসনিক অস্ত্র তৈরি চীনের; ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার তথ্য চায় যুক্তরাষ্ট্র, মিলবে ১ কোটি ডলার; চীনে নীরবে ঘটছে যে বিপ্লব; রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও এইচ-১বি ভিসার ওপর ১ লাখ ডলারেরও বেশি ফি স্থায়ী করতে একটি নিয়ন্ত্রক বিধিমালার প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) মার্কিন প্রশাসন প্রস্তাবিত নতুন একটি বিধিমালা প্রকাশ করে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক বিধি বা ড্রেস কোডে কোনও শিক্ষার্থী তার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পরিবর্তন করার অধিকার রাখে না বলে জানিয়ে দিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। একইসঙ্গে স্কুলের নির্ধারিত ইউনিফর্মের পাশাপাশি হিজাব বা স্কার্ফ পরার অনুমতি চেয়ে এক ছাত্রীর করা রিট পিটিশন খারিজ করে দিয়েছেন আদালত। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে যোগ দেওয়ার কয়েক মাস পর আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক কাসেম সিদ্দিকী। সোমবার (২৪ আগস্ট) আমডাঙার বিধায়ক দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী বিধায়কদের নেতৃত্বে রয়েছেন এমন ধারণা থেকে তিনি বিভ্রান্ত হয়ে ওই শিবিরে গিয়েছিলেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
চার বছর পর গম রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। রেকর্ড উৎপাদন, পর্যাপ্ত মজুত এবং অভ্যন্তরীণ বাজারে শস্যটির মূল্য হ্রাসের প্রেক্ষাপটে সোমবার (২৪ আগস্ট) ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) গমের রফতানি নীতি ‘নিষিদ্ধ’ থেকে সংশোধন করে ‘মুক্ত’ হিসেবে ঘোষণা করেছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
হাজার মাইল দূরে থাকা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু, যেমন- কমান্ড অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফটে এয়ার-টু-এয়ার বা আকাশে নিক্ষেপযোগ্য অস্ত্র ছুড়তে সক্ষম হাইপারসনিক গ্লাইড ভেহিকল (এইচজিভি) তৈরি করেছে চীন। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই বিষয়ে সরাসরি অবগত এক ব্যক্তির সূত্রে খবরটি জানানো হয়েছে। ইরানের সাথে ছয় মাসের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র যখন তার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার অস্ত্রের সরবরাহ নিয়ে সংকটে ভুগছে, ঠিক সেই সময়ে বেইজিংয়ের অস্ত্রাগারে এই নতুন সংযোজন ঘটলো।
ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গুরুত্বপূর্ণ পাঁচ শীর্ষ নেতার বিষয়ে তথ্য পাওয়ার জন্য আবার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। তাদের বিষয়ে তথ্যের বিনিময়ে সর্বোচ্চ ১ কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবটের হাঁটাচলা ও প্রতিযোগিতার বর্ণিল দৃশ্য বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি করলেও, চীনের কারখানা এবং ক্লাসরুমগুলোতে অলক্ষ্যে ঘটে চলেছে এক নীরব প্রযুক্তি বিপ্লব। শিল্প রোবটের ব্যাপক ব্যবহার এবং মেধা ও প্রযুক্তি বিকাশের এক বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলে চীন তার উৎপাদন খাতকে নতুন করে সাজাচ্ছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ২০ বিলিয়ন ডলারের উদ্ভাবনী পরিকল্পনার অংশ হিসেবে দেশটিকে প্রযুক্তির শীর্ষে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রকে সরাসরি প্রতিযোগিতার মুখে ফেলছে।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন সামরিক বিমান অবতরণের ঘটনা ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা-কল্পনা। ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ও বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, রহস্যময় এই বিমানটি মার্কিন বিমানবাহিনীর ব্যবহৃত দূরপাল্লার রসদ পরিবহনকারী বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার ৩ বলে ধারণা করা হচ্ছে।

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি স্থায়ী করার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
স্কুলে হিজাব পরার অধিকার চেয়ে রিট, খারিজ করে দিলেন ভারতের আদালত
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
চার বছর পর গম রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের, বাংলাদেশের লাভ কোথায়?
হাজার মাইল দূরের বিমান লক্ষ্য করতে হাইপারসনিক অস্ত্র তৈরি চীনের
ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার তথ্য চায় যুক্তরাষ্ট্র, মিলবে ১ কোটি ডলার
চীনে নীরবে ঘটছে যে বিপ্লব
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ






