সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএসকে শান্তি আলোচনার প্রস্তাব দেওয়ার পর সংগঠনটি মস্তকবিহীন এক ব্যক্তির ছবি পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন ভারতের আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর। এই ছবি পাঠানোর মধ্য দিয়ে আইএস সদস্যরা তার শান্তি প্রস্তাব নাকচ করে দিয়েছে বলেই মনে করছেন ‘আর্ট অফ লিভিং’-এর এ প্রবক্তা।
তিন দিনের সফরে ত্রিপুরা যাওয়ার সময় আগরতলায় রবিশঙ্কর সাংবাদিকদের বলেন ‘আমি সম্প্রতি আইএস-এর সঙ্গে শান্তি বৈঠকে বসার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু ওরা আমাকে এক ব্যক্তির মাথাবিহীন দেহের ছবি পাঠিয়েছে। এর মধ্য দিয়ে আইএস-এর সঙ্গে আমার শান্তি বৈঠকে বসার প্রচেষ্টা শেষ হয়েছে।’
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক খবরে বলা হয়েছিল যে রবিশঙ্কর আইএসের সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে এবং সহিংসতা বন্ধের জন্য চেষ্টা চালাচ্ছেন।
আরও পড়ুন: জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক ভুলের কথা জানালেন হিলারি
তবে ইসলামিক স্টেট তথা আইএস এর সদস্যরা শান্তি প্রস্তাবে সাড়া না দিলেও, উত্তর-পূর্ব ভারতের জঙ্গি সংগঠনগুলিকে সরকারের সঙ্গে শান্তি ফেরানো নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন রবিশঙ্কর। তিনি উত্তর-পূর্ব ভারতে শান্তি বজায় রাখা এবং সব সংস্কৃতি, ধর্ম, বিশ্বাস ও মতবাদকে মিলিয়ে দেওয়ার উপর জোর দিচ্ছেন।
আরও পড়ুন: ভাবমূর্তি বদলে ফেলছেন ট্রাম্প!
সম্প্রতি দিল্লিতে তার সংগঠনের অনুষ্ঠানের ফলে যমুনা নদীর তীরের ক্ষতি হওয়ার জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে গ্রিন ট্রাইব্যুনাল। এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রবিশঙ্কর। সূত্র: হাফিংটন পোস্ট, এবিপি আনন্দ
/এফইউ/








