লিবিয়ার একটি পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে আত্মঘাতী ট্রাকবোমা বিস্ফোরণে নিহতের বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। বৃহস্পতিবার জ্লিটেন শহরে এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তা ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
খবরে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। তবে ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিকে উচ্ছেদের পর জঙ্গিদের হামলাগুলোর মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।
মেয়র মিফতাহ হামাদি জানান, ত্রিপোলি ও মিসরাটা বন্দরের মাঝামাঝি উপকূলীয় শহর জ্লিটেনে প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা জড়ো হলে ট্রাকবোমার বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা অ্যাম্বুলেন্স ও গাড়িতে করে বিস্ফোরণে আহতদের মিসরাটা হাসপাতালে নিয়ে যাচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৬৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে বেসামরিক লোকজনও রয়েছেন। তবে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মৃতের সংখ্যা ৫০-৬০ জন হবে।
ন্যাটো সমর্থিত বিদ্রোহীদের দ্বারা গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দেশটিতে সংঘর্ষের শুরু হয়। এ বিশৃঙ্খলার মধ্যে ইসলামিক স্টেট নিজেদের শক্তি বৃদ্ধি করে একটি শহর ও তেলক্ষেত্রের দখল নিয়েছে। এ সপ্তাহেই আইএস দেশটির প্রধান দুটি তেল রফতানি টার্মিনালে হামলা করে।
এর আগে গত বছর ফেব্রুয়ারি লিবিয়ার শহর কুব্বাহতে গাড়িবোমা বিস্ফোরণে ৪০ জন নিহত হয়।
/এএ/বিএ/
/আপ-এএ/








