নাইজারের দক্ষিণাঞ্চলে একটি স্কুলের শ্রেণিকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ স্কুলশিশু নিহত হয়েছে। নিহতদের বয়স পাঁচ থেকে ছয় বছর। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, সোমবার সকালে মারাদি অঞ্চলের স্কুলটিতে শিশুরা শ্রেণিকক্ষে অধ্যয়নের সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
নাইজারে স্কুল শিক্ষার্থীদের অত্যধিক চাপের কারণে কংক্রিটের ভবনে সবার জায়গা হয় না। এজন্য বাঁশ ও খড় দিয়ে অস্থায়ী শ্রেণিকক্ষ গড়ে তোলা হয়।
মারাদি শহরের মেয়র চাইবৌ আবৌবাচার জানান, সোমবার এমনই তিনটি শেণিকক্ষে আগুন লেগেছে।
এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, ঘটনাস্থল থেকে অনেক শিশুর মরদেহ বের করে আনা হয়েছে। আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
ওই স্কুলটির সব ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।
নাইজারে স্কুলের অতিরিক্ত শ্রেণিকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা বিরল নয়। তবে সাধারণ এত বিপুল সংখ্যক মৃত্যু হয় না।








