যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি শেষ হতেই সুদানের রাজধানী খার্তুমে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। সেনাবাহিনীর দুটি অংশের মধ্যে প্রায় আট সপ্তাহ ধরে চলমান সংঘাতে এই ২৪ ঘণ্টা লড়াই স্থিমিত ছিল। কিন্তু যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই সংঘাতে লিপ্ত হয়েছে বিবদমান দুই সামরিক কর্মকর্তারা অনুসারীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিয়মিত সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে কয়েক সপ্তাহের মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে। এর মধ্যে ঘনবসতিপূর্ণ বাহরি অঞ্চলের হাজ ইউসেফ এলাকাসহ খার্তুম এবং ওমডুরমান এলাকায় তুমুল সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
সুদানের সময় ভোর ৬টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই ওমডুরমানে কামানের গোলাবর্ষণ ও সংঘর্ষ শুরু হয়। খার্তুমের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলেও লড়াই হয়েছে। নীল নদীর কৌশলগত হালফিয়া সেতুতেও সংঘর্ষের কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
খার্তুমের দক্ষিণাংশের বাসিন্দা মুসাব সালেহ বলেন, যুদ্ধবিরতি আমাদের ক্ষণিকের স্বস্তি দিয়েছিল। কিন্তু সংঘাত ও আতঙ্ক আজ পুনরায় ফিরে এসেছে।
সুদানের সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে ১৫ এপ্রিল সংঘাত শুরু হয়। বেসামরিক শাসনে ফেরার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত একটি পরিকল্পনা নিয়ে উত্তেজনা থেকে এই সংঘাতের সূত্রপাত।
চলমান সংঘাতে ঘরবাড়ি ছেড়েছে ১৯ লাখের বেশি মানুষ। এতে বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এর ফলে অস্থিতিশীল অঞ্চলে আরও অস্থিরতা ছড়িয়ে দিতে পারে।








