মালিতে কর্মরত জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের ‘সুশৃঙ্খল ও দায়িত্বশীল’ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। ‘অনতিবিলম্বে’ মালি থেকে শান্তিরক্ষীদের সরানোর দাবিতে দেশটির কয়েক স্থানে বিক্ষোভের পর এমন আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। মঙ্গলবার (২০ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
মালিতে শান্তিরক্ষী বাহিনী ‘মিনাসমা’ নামে পরিচিত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘সামরিক নেতৃত্বাধীন মালি সরকারকে অবশ্যই নিজেদের সব প্রতিশ্রুতি মেনে চলতে হবে।’ অর্থাৎ, প্রতিশ্রুতি অনুসারে নির্বাচনের মাধ্যমে ২০২৪ সালের মার্চের মধ্যে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘এমন সিদ্ধান্তের ফলে মালির জনগণের ওপর নিরাপত্তা ও মানবিক সংকটের যে প্রভাব পড়বে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে পশ্চিম আফ্রিকার অংশীদারদের সঙ্গে আমরা কাজ চালিয়ে যাব।’
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যত দ্রুত সম্ভব শান্তিরক্ষীদের সরিয়ে নিতে শুক্রবার (১৬ জুন) দাবি জানিয়েছেন মালির পররাষ্ট্রমন্ত্রী আবদুলায়ে দিওপ। সহিংসতা এড়াতে শান্তিরক্ষা মিশন চালু হলেও দেশটির নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় তারা ‘ব্যর্থ’ হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। দেশটিতে আগের তুলনায় সহিংসতার পরিমাণ বেড়েছে বলেও তিনি দাবি করেছেন।
সূত্র: বিবিসি, রয়টার্স









