আত্মহত্যা করতে চিড়িয়াখানার সিংহের খাঁচায় নগ্ন হয়ে ঢুকে পড়েন এক যুবক। ঢুকামাত্রই খাঁচায় থাকা দুটি সিংহ ঝাঁপিয়ে পড়ে তার ওপর। যুবককে বাঁচাতে কারখানার রক্ষী গুলি করে হত্যা করেন সিংহ দুটিকে। আর আহত যুবককে নেওয়া হয়েছে হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে চিলির একটি চিড়িয়াখানায়। স্যান্টিয়াগো চিড়িয়াখানায় শনিবার সিংহের খাঁচা ভেঙে নগ্ন ওই যুবক ঢুকে পড়েন। যুবকের নাম ফ্রাঙ্কো লুইস ফেরাদা রোমান। বয়স ২০ বছর।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রোমান সিংহের খাঁচা ভেঙে নগ্ন অবস্থায় ভেতরে লাফিয়ে পড়েন। ভেতরে লাফিয়ে পড়ার সঙ্গে সঙ্গে দুটি সিংহ ছুটে এসে হামলা চালায় ওই যুবকের ওপর। এর এক পর্যায়ে চিড়িয়াখানার নিরাপত্তা কর্মীরা সিংহ দুটিকে গুলি চালিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে সিংহ দুটি মারা যায়।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই যুবকের প্যান্টের পকেটে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ আরও জানায়, চিড়িয়াখানার পরিচালক আলেজান্দ্রো মনতালভা বলেন, রোমান দর্শনার্থী হিসেবে টিকিটের মূল্য পরিশোধ করে চিড়িয়াখানায় ঢুকেছিলেন।
ঘটনাটি প্রত্যক্ষ করেছেন চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরা। এক প্রত্যক্ষদর্শী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, এ ঘটনা দেখার পর প্রত্যেকেই চিৎকার করতে শুরু করেন। এ সময় খ্রিস্টান ধর্মের বিষয়ে কিছু একটা বলছিলেন ওই যুবক।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোমানের মাথায় ও শরীরের নিম্নাংশে সিংহের থাবায় গুরুতর জখম হয়েছে। তার হৃৎপিন্ড প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে তার অবস্থা খুব একটা আশঙ্কাজনক নয়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এএ/








