করোনাভাইরাস দিন দিন ধরন পাল্টাচ্ছে। মারণ ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিজ্ঞানীদের গবেষণায় উঠে আসছে নতুন নতুন তথ্য। এমনই এক নতুন গবেষণায় দাবি করা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত তরুণ বয়সীদের পুনরায় সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে।
দ্য ল্যানসেট রেসপিরেটরি মেডিসিন জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ববর্তী করোনার ভাইরাস সংক্রমিত তরুণরা পুনরায় আক্রান্ত হতে পারে। তারা পুরোপুরি সুরক্ষিত নয়।
এতে আরও উল্লেখ করা হয়েছে, তরুণদের প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করতে এবং করোনার বিস্তার কমাতে এখনই টিকা দেওয়া জরুরি।
ওই গবেষণায় বেশ কিছু সীমাবদ্ধতার কথাও স্বীকার করা হয়েছে। তবুও বিভিন্ন শ্রেণির মধ্যে সংক্রমণের হার, উপসর্গ ইত্যাদি বিষয়গুলোর বিশ্লেষণ করে গবেষকরা নির্দিষ্ট সিদ্ধান্তে এসেছেন। তারা জানান, প্রথমবার আক্রান্তদের মধ্যে পুনরায় সংক্রমিত হওয়ার ঝুঁকি হ্রাসের মূল কারণ শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়া। কিন্তু ওই নির্দিষ্ট বয়সি অংশগ্রহণকারীদের একবার আক্রান্ত হওয়ার পর তৈরি অ্যান্টিবডি দ্বিতীয়বার সংক্রমণ আটকানোর জন্য পর্যাপ্ত নয়।
ইউএস মেরিন কর্পস-এর প্রায় তিন হাজারেরও বেশি সদস্যের ওপর গবেষণাটি চালানো হয়েছিল, যাদের বেশিরভাগের বয়স ১৮ থেকে ২০ বছর। ২০২০ সালের মে এবং নভেম্বরের মধ্যে পরিচালিত গবেষণায় ১৮৯ জন অংশগ্রহণকারী মধ্যে ১০ শতাংশ অর্থাৎ ১৯ জন যারা পূর্বে করোনায় সংক্রামিত হয়েছিলেন তারা পুনরায় সংক্রমিত হন।
এর আগে অংশগ্রহণকারীদের ৫০ শতাংশ নতুন সংক্রমণের সঙ্গে তুলনা করা হয়েছিল যারা আগে সংক্রমিত হয়নি ।
যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাইয়ের আইকন স্কুল অব মেডিসিনের গবেষকরা জোর দিয়ে বলছেন, যেখানেই সম্ভব তরুণদের টিকা দেওয়া উচিত। শরীরে অ্যান্টিবডির উপস্থিতি সত্ত্বেও পুনরায় সংক্রমণ রোধ করতে এবং আক্রান্তের সংখ্যা কমাতে টিকা দেওয়া প্রয়োজনীয়।









