হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৪ জনে। ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পর ঝড়ের মধ্যেই উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ভূমিকম্পে ধসে গেছে বহু আবাসিক ভবন, গির্জা হোটেল ও দোকানপাট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল।
রবিবার এক সংবাদ সম্মেলনে হাইতির কর্মকর্তারা জানান, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৪ জনে। এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি বলেছেন, জরুরি অবস্থায় আমাদের অনেক বেশি সংহতি দেখাতে হবে।
গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের কারণে উদ্ধার কাজ প্রতিকূল অবস্থার মধ্যে পড়েছে। সোমবার দেশটিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, হাইতিতে নতুন বন্যার আশঙ্কাও রয়েছে।
এর আগে ২০১০ সালে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ২ লাখের বেশি মানুষ প্রাণ হারান।









