চীনা কর্মকর্তাদের নির্দেশে তাইওয়ানের প্রেসিডেন্টের এক ছেলের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে ক্যালিফোর্নিয়ার এক নারীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। রবিবার তাকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এফবিআই এক বিবৃতিতে জানায়, ওয়ানিং ঝাং ওরফে হেদারকে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। চীনে যাওয়ার পরিকল্পনা ছিল তার। ক্যালিফোর্নিয়ার আরভাইনের বাসিন্দা ৩৪ বছর বয়সী ঝাংয়ের বিরুদ্ধে নিবন্ধন ছাড়া বিদেশি এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে।
এফবিআইয়ের ভাষ্য, তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের এক ছেলের ওপর নজরদারি চালিয়েছেন ঝাং। সংস্থাটি সরাসরি তার লক্ষ্যবস্তুর নাম প্রকাশ করেনি। তবে পরে নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন শেয়ার করে, যেখানে যুক্তরাষ্ট্রের বাসিন্দা লাই টিং-ইউকে ওই ব্যক্তি হিসেবে শনাক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, ২০২৫ সালে চীনা কর্মকর্তাদের নির্দেশে সিয়াটলে গিয়েছিলেন ঝাং। তিনি তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলে ও তার পরিবারের ছবি, ভিডিও এবং গাড়ির নম্বর প্লেটের তথ্য চীনা কর্মকর্তাদের কাছে পাঠান।
ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের প্রথম সহকারী মার্কিন অ্যাটর্নি বিল এসসায়লি এক বিবৃতিতে বলেন, শনাক্ত এড়াতে গুপ্তচরবৃত্তির কৌশল ব্যবহার করেছেন ঝাং এবং তিনি যে একটি বিদেশি সরকারের হয়ে কাজ করছিলেন, সে কথা কখনও ওয়াশিংটনকে জানাননি। ঝাংয়ের পক্ষে কোনও আইনজীবী আছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। সোমবার লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে তাকে হাজির করা হবে বলে জানান এসসায়লি।
তাইওয়ানের প্রেসিডেন্ট অফিস ঝাংয়ের কর্মকাণ্ডকে আন্তর্দেশীয় নিপীড়নের একটি আদর্শ উদাহরণ বলে বর্ণনা করেছে। তাইওয়ানি নাগরিকদের সুরক্ষা দেওয়ায় যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদও জানিয়েছে তারা। মুখপাত্র কারেন কুও এক বিবৃতিতে বলেন, মানবাধিকার ও রাষ্ট্রের সার্বভৌমত্বকে উপেক্ষা করা এমন বর্বর আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে আমাদের দেশ। তবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
লাই ও তার দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) চীন থেকে তাইওয়ানের আলাদা পরিচয়ের পক্ষে অবস্থান নেয়, যা প্রায়ই বেইজিংকে ক্ষুব্ধ করে। বেইজিং দ্বীপটিকে চীনা ভূখণ্ড হিসেবে দেখে। লাই বলেন, তাইওয়ানের ভবিষ্যৎ কেবল দেশটির জনগণই ঠিক করতে পারে।
তাইওয়ানের সঙ্গে ওয়াশিংটনের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে যুক্তরাষ্ট্র দ্বীপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী।
‘শেষ’ লেখা সেই কাগজই খুলে দিলো ৮০ বছরের রহস্য, মিললো ‘সোমারটন ম্যান’-এর পরিচয়