রাশিয়া ও জাপানের সহযোগিতায় নির্মিতব্য দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাতিল করেছে ভিয়েতনাম। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
ভিয়েতনামের সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সরকার ভিয়েতনামের রাবার স্ট্যাম্প পার্লামেন্টকে প্রকল্প দু’টি স্থগিত করতে বলেছে।
খবরে আরও বলা হয়, এই প্রকল্প পরিবেশের জন্য হুমকি হতে পারে। প্রকল্পের ক্ষতিকর দিক দেশ কাটিয়ে উঠতে নাও পারে এমন আশঙ্কা থেকেই এসব বাতিল করার পরিকল্পনা করা হচ্ছে।
২০০৯ সালে নিন থুয়ান প্রদেশে পারমানবিক কেন্দ্র দু’টি নির্মাণের পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাওয়া এ দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতেই এ ধরণের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল।
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রোসাটম ও জাপানি কনসোটিয়ামের সহযোগিতায় তৈরি এ বিদুৎকেন্দ্র দু’টির উৎপাদন ক্ষমতা ছিল চার হাজার মেগাওয়াট। এ দু’টি কেন্দ্র উৎপাদনে গেলে এগুলো হতো দক্ষিণপূর্ব এশিয়ার প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সূত্র: এএফপি।
/এএ/








