উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়ুনহাপের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।
খবরে বলা হয়, গত কয়েকমাস ধরেই কিমের স্ত্রী ও উত্তর কোরীয় ফার্স্টলেডিকে জনসম্মুখে দেখা যায়নি। ইয়ুনহাপ দক্ষিণ কোরীয় আইনপ্রণেতাদের উদ্ধৃতি দিয়ে কিমের বাবা হওয়ার খবরটি জানিয়েছে। ওই আইনপ্রণেতার দাবি, দেশটির গোয়েন্দা সংস্থা এবিষয়ে তাকে অবহিত করেছে।
দক্ষিণ কোরীয় আইনপ্রণেতা জানান, ফার্স্টলেডি রাই সোল জু গত ফেব্রুয়ারিতে তৃতীয় সন্তানের জন্ম দেন। জাতীয় গোয়েন্দা সংস্থা আইনপ্রণেতাদের বিষয়টি অবহিত করে।
গত বছর দীর্ঘ সময় ধরে রাই লোকচক্ষুর আড়ালে থাকায় ধারণা করা হয় তিনি গর্ভবতী।এর আগের গোয়েন্দা রিপোর্টে বলা হয়, রাই ২০০৯ সালে কিমকে বিয়ে করেন। এর পরের বছর তাদের প্রথম সন্তান জন্ম নেয়। ২০১৩ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান।
এদিকে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী দাবি করেছে, মঙ্গলবার ভোর ৬টার কিছু সময় আগে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং এর কাছের এলাকা সুনান থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশ অতিক্রম করে উত্তর প্রশান্ত মহাসাগরে পড়েছে।
উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল এবং অন্তত ২ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে। জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকেও দাবি করে, দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোর উপর দিয়ে ক্ষেপণাস্ত্রটি উড়ে গেছে এবং তিন টুকরো হয়ে ১১৮০ কিলোমিটার পূর্বে কেপ এরিমো এলাকার পানিতে পড়েছে। সূত্র: এনডিটিভি।








