জাপানের বৃহত্তম ডিজিটাল মুদ্রা বিনিময় কোম্পানির একটি কয়েনচেক জানিয়েছে, তাদের নেটওয়ার্ক হ্যাকিংয়ের মাধ্যমে প্রায় ৫৩৪ মিলিয়ন ডলার মূল্যের ভার্চুয়াল মুদ্রা চুরি করা হয়েছে। এ ঘটনার পর বিটকয়েন ছাড়া সবধরনের ক্রিপ্টো কারেন্সির লেনদেন বন্ধ করে দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যদি চুরির অংকের পরিমাণ সঠিক হয় তাহলে তা হবে বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল মুদ্রা চুরির ঘটনা এটা।
এর আগে ২০১৪ সালে টোকিওর এমটিজোক্স নামের একটি এক্সচেঞ্জ কোম্পানির পতন হয়েছিল ৪০০ মিলিয়ন ডলার চুরির কথা স্বীকার করার পর।
কয়েনচেক-এর চুরি হওয়া অর্থ একটি হট ওয়ালেট-এ সংরক্ষিত ছিল। যা এক্সচেঞ্জ কোম্পানির নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল। এটা ছিল কোল্ড ওয়ালেটের বিপরীত। কোল্ড ওয়ালেটে ভার্চুয়াল মুদ্রা রাখা হয় অফলাইনে।
কোম্পানিটি জানিয়েছে, চুরি করা মুদ্রা যেখানে পাঠানো হয়েছে সেখানকার ডিজিটাল ঠিকানা তাদের কাছে রয়েছে এবং বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিবিসির খবরে বলা হয়েছে, হ্যাকাররা জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ৫৭ মিনিটে নেটওয়ার্কে প্রবেশ করে। কিন্তু পরদিন ১১টা ২৫ মিনিটের আগে এই হ্যাকিংয়ের বিষয়ে জানা যায়নি।
কোম্পানির চিফ অপারেটিং কর্মকর্তা ইয়োসুকি ওতসুকা জানান, ৫২৩ মিলিয়ন এনইএম কয়েনচেক থেকে অন্য ঠিকানায় পাঠানো হয়। এই ডিজিটাল মুদ্রার মূল্য প্রায় ৫৮ বিলিয়ন ইয়েন।







