রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবি দুর্নীতি তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৪০৮টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে মালয়েশিয়া। সোমবার দেশটির কর্মকর্তারা এই ঘোষণা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে সরকারের পদক্ষেপের মুখে এই ঘোষণা আসলো।
রাষ্ট্রীয় তহবিলের এই দুর্নীতি তদন্তে সরকার একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। গত সপ্তাহে জব্দ করা এসব অ্যাকাউন্টে প্রায় ১১০ কোটি রিঙ্গিত রয়েছে।
টাস্কফোর্সের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়ানএমডিবি তহবিল লোপাট ও অপব্যয়ের কাজে এসব অ্যাকাউন্ট জড়িত বলে ধারণা করা হচ্ছে।
অ্যাকাউন্টধারীদের নাম প্রকাশ না করে বিবৃতিতে বলা হয়, ২০১১ সালের মার্চ থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এগুলোতে প্রায় ৯০০টি লেনদেন হয়েছে। জব্দ করা অ্যাকাউন্টগুলোতে অর্থ এসেছে বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল ও বেসরকারি সংস্থা (এনজিও) থেকে।
এর আগে মালয়েশিয়ার স্থানীয় একটি সংবাদমাধ্যম জানায়, জব্দকৃত অ্যাকাউন্টগুলোর মধ্যে নাজিব রাজাকের রাজনৈতিক দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) অ্যাকাউন্ট রয়েছে।
৯ মে অনুষ্ঠিত নির্বাচনে নাজিবের ইউএমএনও জোট বারিসান নাসিওনাল জোটের কাছে হারলে দলের প্রধানের দায়িত্ব ছাড়েন তিনি। তার বিরুদ্ধে ওয়ানএমডিবির দুর্নীতি ও অর্থ লোপাটের তদন্ত চলছে। নাজিব ও তহবিল কর্তৃপক্ষ দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন।








