আফগানিস্তানে কুন্দুজ প্রদেশে তালেবান যোদ্ধাদের দ্বারা অপহৃত দেড় শতাধিক বাসযাত্রীদের মধ্যে ১৪৯ জনকে মুক্ত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এখনও ২১ জন তালেবানের হাতে আটক রয়েছে। সোমবার কাবুল যাওয়ার পথে তালেবানরা তিনটি বাস আটকে তাদের অপহরণ করেছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এখবর জানিয়েছে।
তাখার প্রদেশের পুলিশ প্রধান আব্দুল রহমান আকতাশ জানান, বাস তিনটি বাদাখশান ও তাখার প্রদেশের যাত্রী নিয়ে কাবুল যাচ্ছিল। খান আবাদ জেলায় বাস তিনটি থামিয়ে যাত্রীদের অপহরণ করা হয়।
তালেবানের এক মুখপাত্র যাত্রীবাহী তিনটি বাস নিজেদের জিম্মায় নেওয়ার স্বীকার করেছে। তিনি জানিয়েছেন, নিরাপত্তাবাহিনীর সদস্য ছাড়া বাকি বেসামরিক নাগরিকদের ছেড়ে দেওয়া হবে।
কুন্দুজ গভর্নরের এক মুখপাত্র এসমাতুল্লাজ মুরাদি জানান, নিরাপত্তাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালায় এবং ১৪৯ জন যাত্রীকে মুক্ত করতে সক্ষম হয়েছে।
এর আগে মুরাদি জানিয়েছিলেন, সকালে যাত্রীদের জিম্মি করা হয় কাবুল আসার পথে।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শর্তযুক্ত অস্ত্রবিরতি ঘোষণা করার একদিন পরেই এই অপহরণের ঘটনা ঘটলো। যদিও অস্ত্রবিরতি সম্পর্কে তালেবানরা কোনও প্রতিক্রিয়া জানায়নি। তারা জানিয়েছে, ঈদ উপলক্ষে কয়েকশ বন্দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।








