মিয়ানমার উপকূলে একটি ‘ভুতুড়ে জাহাজ’ আটকে পড়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। বড় আকারের মালবাহী এই রহস্যময় জাহাজটি ইয়াংঙ্গুনের কাছে প্রথম জেলেদের চোখে ধরা পড়েছিল। পরে তারা পুলিশকে বিষয়টি জানায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, এই সপ্তাহের শুরুতে মিয়ানমারের বাণিজ্যিক রাজধানীর কাছে 'স্যাম রাতুলাঙ্গি পিবি ১৬০০' নামের মালবাহী জাহাজটিকে ভেসে বেড়াতে দেখা যায়। ইয়াঙ্গুন পুলিশ জানায়, জাহাজটিতে কোনও নাবিক বা পণ্য নেই।অগভীর জলে আটকে পড়ার পর বৃহস্পতিবার কর্তৃপক্ষ ও নৌবাহিনীর সদস্যরা অনুসন্ধানে জাহাজটিতে ওঠেছিলেন। ফেসবুকে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি উপকূলে আটকে পড়েছে এবং এতে ইন্দোনেশিয়ার পতাকা রয়েছে।
সংশ্লিষ্টদের ধারণা, জাহাজটি সম্প্রতি পরিত্যক্ত ঘোষণা করা হয়ে থাকতে পারে। তবে কারণ স্পষ্ট নয়।
বিশ্বের নৌ চলাচলের তথ্য সংরক্ষণকারী ম্যারিন ট্র্যাফিক ওয়েবসাইটের তথ্য অনুসারে, এই জাহাজটি ২০০১ সালে নির্মিত এবং ৫৮০ ফুট দীর্ঘ। সর্বশেষ ২০০৯ সালে তাইওয়ানে জাহাজটির অবস্থান নথিবদ্ধ রয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, এই প্রথম মিয়ানমার উপকূলে কোনও পরিত্যক্ত জাহাজ পাওয়া গেলো।








