মালদ্বীপের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ দুই বছর নির্বাসনে কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন। শ্রীলঙ্কার রাজধানী থেকে তিনি মালেতে পৌঁছালে সমর্থকরা তাকে অভ্যর্থনা জানান। কারাদণ্ড এড়াতে তিনি নির্বাসনে গিয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।
২০১৫ সালে নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড দেয় মালদ্বীপের একটি আদালত। ২০১২ সালে প্রেসিডেন্টের দায়িত্বে থাকার সময় তিনি একজন শীর্ষ বিচারককে গ্রেফতারের নির্দেশ দেওয়ার কারণে সন্ত্রাসবাদে দোষী প্রমাণিত হন। তার বিচারের প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে। নাশিদসহ আরও বেশ কয়েকজন রাজনীতিককে কারাগারে পাঠায় প্রেসিডেন্ট ইয়ামিনের প্রশাসন।
২৩ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ইয়ামিন হেরে যাওয়ার পরই মালদ্বীপে ফিরলেন নাশিদ। ইয়ামিন পরাজিত হন নাশিদের ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলিহ’র কাছে।
ইয়ামিনের পরাজয়ের পর আদালত কর্মকর্তাদের মুক্তি বা জামিন দিয়েছে।








