ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে এক কিশোরকে হত্যায় তিন পুলিশ সদস্যকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার ম্যানিরার উত্তরাঞ্চলের একটি আদালত এই রায় দেয়। রায়ে প্রত্যেককে ৪০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের মাদকবিরোধী যুদ্ধের ঘটনায় এই প্রথমবারের মতো কোনও কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
বিচারক রলডোফো আজুসেনা রায় ঘোষণার সময় বলেন, একটি সভ্য সমাজে আগে গুলি পরে চিন্তা দৃষ্টিভঙ্গি চলতে পারে না। আইনশৃঙ্খলাবাহিনী কাজ কখনও খুন বা হত্যা হতে পারে না। মানুষের জীবনের মূল্যের বিনিময়ে জনগণের শান্তি কাম্য হতে পারে না।
ডেলোস সান্টোসের পরিবার কান্নাভেজা কণ্ঠে ম্যানিরার উত্তরাঞ্চলের আদালত কক্ষে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
পুলিশ জানায়, ১৭ বছর বয়সী ওই মাদক পাচারকারীকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু সিসিটিভি ফুটেজে দুই পুলিশ সদস্যকে নিরস্ত্র ওই বালককে টেনেহিচড়ে নিয়ে যেতে দেখা গেছে। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়।
২০১৬ অভিযান শুরুর পর দুয়ার্তে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই রক্তক্ষয়ী দমন অভিযান পরিচালনাকারীদের দায়মুক্তি দেওয়া হবে। ২০১৭ সালে ম্যানিলার একটি এলাকায় কিশোর কিয়ান ডেলোস সান্টোসকে হত্যা করা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে এই অভিযানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়।পরে দুয়ার্তে এই কিশোর হত্যাকারীদের দায়মুক্তি দিতে অস্বীকার করেন।
দুয়ার্তের মাদকবিরোধী অভিযানে পুলিশের দাবি অনুসারে এখন পর্যন্ত প্রায় ৫ হাজার অভিযুক্ত মাদক ব্যবহারকারীকে হত্যা করা হয়েছে এবং এরা গ্রেফতারের সময় বাধা দেওয়ার চেষ্টা করেছিল। মানবাধিকার সংগঠনগুলো দাবি করে আসছে, এই অভিযানে নিহতের প্রকৃত সংখ্যা সরকারি দাবির চেয়ে অন্তত তিনগুণ বেশি।








