আফগান শান্তি প্রক্রিয়ায় নারীদের সমতার ভিত্তিতে ও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি দেশটিতে সহিংসতা অবসানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে জানানো হয়েছে, সংস্থার সদস্যরা একমত যে আফগানদের নেতৃত্বে, তাদের নিজেদের পথেই স্থিতিশীল শান্তি অর্জিত হবে।
সম্প্রতি আফগানিস্তানে বেসামরিক লোকদের ওপর হামলা বেড়ে যাওয়ায় নিন্দা জানিয়েছে পরিষদ। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্যরা আফগানিস্তানে সব দলকে ঐকমত্যে পৌঁছাতে উৎসাহিত করছে। সেই সঙ্গে সহিংসতা কমানোর আহ্বান জানিয়েছে।
সম্প্রতি ওয়াশিংটন কাবুল সরকার এবং তালেবান জঙ্গিদের কাছে শান্তি চুক্তির একটি খসড়া হস্তান্তর করে। এর মাধ্যমে আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাবও দেওয়া হয়। আফগান সংবাদমাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কনের একটি চিঠির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। ওই পরিকল্পনায় তুরস্কে আন্ত-আফগান বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেখানে আরও অনেক দেশের মন্ত্রীর অংশগ্রহণ থাকবে। আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান এবং ইরানকে একমতে আনতে সচেষ্ট হবেন তারা।








