তৃণমূল ছাড়লেন অভিনেত্রী দেবশ্রী রায়। দলের টিকিটে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি কেন্দ্র থেকে দুইবার বিধায়ক হন তিনি। সোমবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়ে দলের সব পদ থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।
দল ত্যাগ করে দেবশ্রী লিখেছেন, ‘তৃণমূল তাকে ব্যবহার করেছে। কিন্তু কখনও উপযুক্ত মর্যাদা দেয়নি।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরতে চান তিনি।
২০১১ সালে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি কেন্দ্র থেকে বর্ষীয়ান বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়কে হারিয়ে সবাইকে চমকে দেন দেবশ্রী। এরপর দলের জেলা সম্পাদক শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে বলে শোনা যায়। ২০১৬ সালেও কান্তিবাবুকে হারিয়ে আসনটি ধরে রাখেন তিনি। ২০১৯-এর ১৪ আগস্ট শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপিতে যোগদান করতে গেলে দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে হাজির হন দেবশ্রীও। তাকে দেখে বিজেপিতে যোগদান করতে বেঁকে বসেন শোভন-বৈশাখী। পরে দেবশ্রীকে বিজেপিতে নেওয়া হবে না এই শর্তে গেরুয়া শিবিরে যোগদান করেন তারা।
গত কয়েক বছরে নিজের বিধানসভা কেন্দ্রে দেবশ্রী রায়ের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। যার মধ্যে সব থেকে গুরুতর টোটো কেলেঙ্কারি। স্থানীয় একাংশের অভিযোগ, টোটো দেওয়ার নামে স্থানীয়দের কাছ থেকে টাকা নিলেও সেই টোটো দিতে পারেননি দেবশ্রী। সঙ্গে নিজের বিধানসভা এলাকায় তাকে দেখা যায় না বলে অভিযোগ করেছেন তৃণমূল কর্মীরাই।









