মিয়ানমারে চলমান সামরিক সরকারবিরোধী বিক্ষোভে বৃহস্পতিবার আরও আটজন নিহত হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তাবাহিনীর গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার মিয়ানমারজুড়ে নীরব ধর্মঘট পালনের পরদিন এই সহিংসতার ঘটনা ঘটলো। ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর হতে এখন পর্যন্ত বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭০ জনে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী এখবর জানিয়েছে।
বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনী নৃশংসভাবে জান্তাবিরোধী বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় বিভিন্ন শহরে। এসময় অনেকেই গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও সেনারা গ্রেফতার করেছে বেশ কয়েকজনকে।
সকালে নিরাপত্তাবাহিনী শান রাজ্যের রাজধানীতে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। এখানে অন্তত চারজন সেনাবিরোধী নিহতের কথা জানা গেছে। পুলিশ তাজা গুলি, রাবার বুলেট, টিয়ারগ্যাস, স্টান গ্রেনেড ও স্লিংশট নিক্ষেপ করেছে প্রতিবাদকারীদের ওপর।
স্থানীয়রা জানান, নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিক্ষোভস্থলের আশেপাশের বাড়িঘরে তল্লাশি চালায়। কয়েকটি স্থানে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছে।
সাগাইং এলাকাতেও সেনা সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। এখানে গুলিবিদ্ধ তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
কাচিন রাজ্যে গুলিবিদ্ধ হয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। গ্রেফতারকৃত বিক্ষোভকারীদের মুক্তির দাবিতে স্থানীয় একটি পুলিশ স্টেশনের সামনে প্রতিবাদ করার সময় পুলিশ জনতা লক্ষ্য করে গুলি ছুড়লে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন।
এক বাসিন্দা জানান, সশস্ত্র সংঘর্ষের সময় আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। জান্তাবিরোধী তিন বিক্ষোভকারী একটি ছোট সেতুর নিচে লুকিয়ে থাকার সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন। এদের একজনের মৃত্যু হয়েছে।
ইয়াঙ্গুনে নিরাপত্তাবাহিনী ব্যাপক ধরপাকড় চালিয়েছে। এখানে অনেকে গ্রেফতার ও আহত হয়েছেন।









