তসলিমার বিরুদ্ধে সোচ্চার ইংল্যান্ডের ক্রিকেটাররা

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২১, ১২:২৩আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১২:৪৮
image

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলীকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে আবারও বিতর্কে জড়ালেন লেখিকা তসলিমা নাসরিন। মুসলিম ধর্মাবলম্বী মঈন ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট না থাকলে জঙ্গিগোষ্ঠীতে যোগ দিতেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের এই নির্বাসিত লেখিকা। হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন বলছে, তসলিমার এই মন্তব্য নিয়ে এরই মধ্যে সমালোচনার ঝড় বইছে।

ভারতীয় সংবাদমাধ্যমের একাংশের খবর অনুযায়ী দুইদিন আগে মঈন আলী তার জার্সি থেকে একটি অ্যালকোহল সংস্থার লোগো তুলে নিতে অনুরোধ জানিয়েছিলেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষকে। যেহেতু ইসলামিক ধর্মে অ্যালকোহলের প্রচার করা বারণ, সে কারণেই তিনি এই দাবি জানিয়েছিলেন। তার ভাবাবেগকে সম্মান জানাতে চেন্নাই কর্তৃপক্ষ মইন আলির জার্সি থেকে নির্দিষ্ট ওই সংস্থার লোগো তুলেও নেয়। তবে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষকে উদ্ধৃত করে কিছু সংবাদমাধ্যম আবার জানিয়েছে, এ ধরনের কোনও অনুরোধ করেননি মঈন।

Untitled-1 copy

তসলিমা এই ঘটনার প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘মঈন আলী যদি ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকতেন, তবে সিরিয়ায় গিয়ে আইএসআইএস-এ যোগ দিতেন।’তসলিমার এই মন্তব্য রীতিমতো ট্রলের শিকার হচ্ছে। অনেকেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মঈন আলীর সতীর্থ জোফ্রে আর্চার পাল্টা টুইট করে তসলিমার উদ্দেশে লিখেছেন, ‘আপনি কি ঠিক আছেন? আমার মনে হয় না আপনি ঠিক আছেন’।

টুইটারে অপর একজন তসলিমা নাসরিনকে নিয়ে লিখেছেন, ‘তসলিমা নাসরিনের নামটি যদি মুসলিম না হত, তবে তিনি নিশ্চিত ভাবে আরএসএসে যোগ দিতেন।’ কেউ বিদ্রুপের ছলে তার সমালোচনা করছেন, কেউ আবার ক্ষোভ প্রকাশ করেছেন।

আর্চার প্রথম মন্তব্যটি করার পরে নিজের অবস্থান ব্যাখ্যা করে তসলিমা টুইটে লেখেন, ‘নিন্দুকেরা ভালো করেই জানে, মঈন আলীকে নিয়ে করা আমার টুইটটি ব্যঙ্গাত্মক। তবুও তারা এটাকে ইস্যু বানিয়ে আমাকে অপদস্থ করছে। কারণ, আমি মুসলিম সমাজকে ধর্মনিরপেক্ষ করার চেষ্টা করি এবং ধর্মান্ধতার বিরুদ্ধাচরণ করি। মানবজাতির অন্যতম মর্মান্তিক বিষয় হলো, নারীবাদের পক্ষ নেওয়া বামপন্থীরা নারীবাদের বিপক্ষে অবস্থান নেওয়া ইসলামপন্থীদের সমর্থন দেয়।’

আর্চার লেখিকার ওই ব্যাখ্যাকেও ছেড়ে কথা বলেননি। সেটি রিটুইট করে আর্চার লেখেন, ‘ব্যঙ্গাত্মক? কিন্তু কেউ তো হাসছে না, এমনকি আপনিও নন, এখন অন্তত যে কাজটা আপনি করতে পারেন, তা হলো টুইটটি মুছে ফেলা।’

এদিকে ইংল্যান্ডের হয়ে ৪ টেস্ট ও ৩ ওয়ানডে খেলা বেন ডাকেট তসলিমার প্রথম টুইটটি রিটুইট করে মন্তব্য করেন, ‘এই অ্যাপের এটাই সমস্যা। লোকে এমন কথাও বলতে পারে। বিরক্তিকর। অবস্থার পরিবর্তন হওয়া দরকার। দয়া করে এই অ্যাকাউন্ট রিপোর্ট করুন।’

ডাকেট আরেকটি টুইটে মন্তব্য করেন, ‘বিশ্বাসই হচ্ছে না। বিরক্তিকর টুইট। বিরক্তিকর মানুষ।’ তার এই টুইটে ইংল্যান্ডের হয়ে ২২ ওয়ানডে ও ৩০ টি-টোয়েন্টি খেলা উইকেটকিপার ব্যাটসম্যান স্যাম বিলিংসের মন্তব্য, ‘দয়া করে সবাই তসলিমার অ্যাকাউন্ট রিপোর্ট করুন। বিরক্তিকর!’

ইংল্যান্ডের হয়ে ৪ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি খেলা বোলার সাকিব মাহমুদও টুইট করেন। নিজের অবস্থান ব্যাখ্যা করে তসলিমার করা দ্বিতীয় টুইটটি রিটুইট করে তিনি মন্তব্য করেন, ‘ব্যঙ্গাত্মক? অসুস্থতার পর্যায়ে আপনার রসিকতার মানসিকতা।’

ইংলিশ ক্রিকেটারদের এই তোপ শেষ পর্যন্ত কাজে লাগে। ‘মঈন আলী আইএসআইয়ে যোগ দিতেন...’, এ টুইট মুছে ফেলেছেন তসলিমা। তবে তার দ্বিতীয় টুইটটি এই প্রতিবেদন লেখার সময়ও থেকে গেছে।

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম