আফগানিস্তানে পাকিস্তান কনস্যুলেটে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধে ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সাতজনই পুলিশ সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। তিন হামলাকারীর মৃত্যুর মধ্য দিয়ে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের চারঘণ্টার ওই বন্দুকযুদ্ধ শেষ হয়েছে।
১৩ জানুয়ারি ২০১৬ বুধবার দেশটির জালালাবাদ এলাকায় অবস্থিত পাকিস্তান কনস্যুলেটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। একই এলাকায় ভারত ও ইরানের কনস্যুলেটও অবস্থিত।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি বলেন, হামলায় অন্তত সাত কর্মকর্তা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ঘটনার সময় ব্যাপক গোলাগুলি ও কয়েক দফায় বিস্ফোরণের আওয়াজ শুনতে পান তারা।
আফগানিস্তানের তোলো নিউজের খবরে বলা হয়েছে, কনস্যুলেটের একজন সদস্য, তিন শিশু, ও সাত পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাজী খলিলুল্লাহ বলেন, জালালাবাদের কনুস্যুলেটে সব পাকিস্তানিরা নিরাপদে কাজ করছেন। কেউ আহত হননি।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সকাল ৮টা ৫০ মিনিটে একদল সন্ত্রাসী পাকিস্তান কনস্যুলেটের পাশের একটি পুলিশ যানকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। অবশ্য স্থানীয় কর্মকর্তারা বলছেন, পাকিস্তান কনস্যুলেটেই এ হামলা চালানো হয়েছিল। সূত্র: আল জাজিরা, ডন।
/এমপি/বিএ/








