গুয়ানতানামো বে কারাগারে আটক থাকা সৌদি নাগরিক মোহাম্মদ বিন আবদ আল রাহমান আল শামরানি দেশে ফিরেছেন। মঙ্গলবার তিনি সৌদি আরব পৌঁছেছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র মানুসর আল তুর্কি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আটক সৌদি নাগরিকদের ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে আল শামরানিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে বিশেষ কাউন্সেলিং এবং সংশোধন কর্মসূচিতে অংশ নিতে হবে।
২০০৭ সালে সৌদি সরকার জঙ্গিদের শোধরানোর জন্য একটি বিশেষ কেন্দ্র গড়ে তোলে। এতে জঙ্গিবাদ ছেড়ে সমাজে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে বিশেষ কাউন্সেলিং করা হয়। এ ছাড়া, ইসলামের মৌলিক শিক্ষা সম্পর্কে ধারণা দেওয়া হয় যাতে চরমপন্থা রোধ করা যায়।
২০১২ সালের জানুয়ারিতে পাকিস্তান সেনাবাহিনী আল-শামরানিকে গ্রেফতার করে মার্কিন কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। এরপর থেকে গুয়ানতানামো বে কারাগারে বন্দি ছিলেন তিনি। আল শামরানি আল-কায়েদার সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল। গত বছরের সেপ্টেম্বরে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
আল-শামরানি ছাড়াও শনিবার গুয়ানতানামোতে বন্দি কুয়েতের এক নাগরিক ১৪ বছর বন্দি থাকার পর নিজ দেশে ফিরে গেছেন।
/এএ/এমপি/








