আফগানিস্তানে ক্ষমতার লড়াইয়ে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে তালেবান। রবিবার কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজের নিয়ন্ত্রণ নেয় দলটি। এ নিয়ে গত তিন দিনে গুরুত্বপূর্ণ তিনটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়েছে দলটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তালেবানের এক বিবৃতিতে শহরটি দখলের কথা নিশ্চিত করা হয়েছে। কাবুল প্রশাসন অবশ্য দলটির এমন দাবি প্রত্যাখ্যান করেছে। তবে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা তালেবানের হাতে শহরটির পতন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল জাজিরার প্রতিনিধি শার্লট বেলিস জানান, ‘তালেবান শহরের পুলিশ প্রধানের দফতর এবং নির্বাচন কমিশন দফতরের নিয়ন্ত্রণ নিয়েছে। শহরের প্রধান চত্বরে তালেবানের পতাকা টানানো হয়েছে। আফগান সরকার তাদের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি অস্বীকার করলেও সামগ্রিক বিবেচনায় সেখানে তাদের পতন ঘটেছে।’
গত দুই দিনে তালেবানের হাতে পতন হওয়া বাকি দুই প্রাদেশিক রাজধানী হচ্ছে নিমরোজ প্রদেশের যারানজ এবং জাওযজান প্রদেশের রাজধানী শেবারগান। গত শুক্র ও শনিবার এই দুই শহরের দখল নেয় দলটি। তবে গত তিন দিনে তালেবানের হাতে যে তিনটি প্রাদেশিক রাজধানীর পতন হয়েছে, তার মধ্যে কুন্দুজকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, তালেবান যোদ্ধারা আফগানিস্তানের গ্রামীণ এলাকার বদলে এখন প্রাদেশিক শহরগুলোতে হামলা জোরদার করেছে। সশস্ত্র সংগঠনটির তিন কমান্ডার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, সম্প্রতি তালেবানের বিরুদ্ধে মার্কিন বিমান হামলার পর তাদের কৌশলে এই পরিবর্তন আনা হয়েছে।
আফগানিস্তানে ২০ বছর যুদ্ধের পর দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে। এরইমধ্যে ৯০ শতাংশ মার্কিন ও বিদেশি সেনা চলে গেছে। ৩১ আগস্টের মধ্যে অবশিষ্ট সেনা প্রত্যাহার চূড়ান্ত হবে। গত মাসে যুক্তরাষ্ট্রের একজন আঞ্চলিক কমান্ডার জানিয়েছেন, তালেবান হামলা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রও আফগানিস্তান বাহিনীর সহযোগিতায় বিমান হামলার সংখ্যা বাড়িয়েছে। মার্কিন এসব হামলার নিন্দা জানিয়েছে তালেবান।
দলটির কান্দাহারভিত্তিক একজন কমান্ডার তাদের সামরিক প্রধানের যুক্তি তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্র যখন তাদের প্রতিশ্রুতি রাখেনি তখন তালেবান কেন চুক্তি মেনে চলবে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক আফসানদিয়ার মির বলেন, তালেবানরা প্রাদেশিক রাজধানীগুলোর দিকে আগাচ্ছে। তাদের এই অভিযান শুধু চাপ প্রয়োগের জন্য নয়, বরং দখলের জন্য। সূত্র: আল জাজিরা, রয়টার্স।









