তালেবান শাসন থেকে নিস্তার পেতে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অন্তঃস্বত্ত্বা এক আফগান নারী। কিন্তু মার্কিন উদ্ধারকারী উড়োজাহাজ আকাশে উড়তেই ভয়ঙ্কর প্রসব যন্ত্রণা শুরু হয় তার। এরপর জার্মান বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করতেই সন্তান প্রসব করেন তিনি। রবিবার মার্কিন বিমানবাহিনীর এক টুইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উড়োজাহাজটি যখন ২৮ হাজার ফুট উচ্চতায় সেই সময়ে প্রসব যন্ত্রণা শুরু হয় ওই নারীর। প্লেনের মধ্যে বায়ুচাপ কম থাকায় শ্বাসকষ্টও শুরু হয়। যদিও সেই বায়ুচাপ কমিয়ে আনা হলেও সমস্যার সমাধান হয়নি। এরপর মার্কিন বিমানবাহিনীর উড়োজাহাজটি জার্মানির র্যামস্টিন এয়ারবেসে অবতরণের প্রায় সঙ্গে সঙ্গেই সন্তান প্রসব করেন ওই নারী।
জার্মানিতে মার্কিন বিমান ঘাঁটি থেকে কিছুটা দূরেই ছিল সি-১৭ বিমানটি। ওই নারীর শারীরিক অবস্থা দেখেই সেখানেই অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।
মা ও নবজাতককে র্যামস্টিন এয়ারবেসের কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয়েই সুস্থ আছে। সূত্র: জি নিউজ।









