আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবারের জোড়া বিস্ফোরণ ঘটেছে মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায়। টুইটারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।
টুইটে তালেবান মুখপাত্র বলেন, কাবুল বিমানবন্দর এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক আমিরাত। এমন এলাকায় বিস্ফোরণ ঘটেছে যেখানকার নিরাপত্তার দায়িত্বে ছিল মার্কিন বাহিনী।
তালেবানের আরেক মুখপাত্র সুহাইল শাহিন বলেন, আফগানিস্তানের মানুষের নিরাপত্তার প্রতি গভীর মনোযোগ দিচ্ছে তার দল।
এদিকে কাবুলের জোড়া হামলায় জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত থাকার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে নিশ্চিত হতে এরইমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে দেশটি।









