পঞ্জশির প্রদেশে তালেবানবিরোধী শক্তিরা যখন ঐক্যবদ্ধ হচ্ছে তখন জানা গেলো, এক তালেবান যোদ্ধার গুলিতে নিহত হয়েছেন দেশটির লোকসংগীত শিল্পী ফাওয়াদ আন্দারাবি। বাঘলান প্রদেশে এই হত্যাকাণ্ড ঘটেছে। এখানেই তালেবানবিরোধী শক্তিরা ঘাঁটি গড়েছে।
নিহত শিল্পীর ছেলে জাওয়াদ আন্দারাবি মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)-কে জানান, তালেবান যোদ্ধারা এর আগেও তাদের বাড়িতে এসেছে। এর আগে তাদের বাড়ি তল্লাশি করেছে তারা, এমনকি বাবার সঙ্গে চা পানও করেছে। তাদের খামারে মাথায় গুলি করে বাবাকে হত্যা করা হয়েছে।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখবেন তারা। এই হত্যাকাণ্ড সম্পর্কে তিনি আর বিস্তারিত কিছু জানাননি।
তালেবানের আগের শাসনামলে সংগীত নিষিদ্ধ ছিল। ফাওয়াদ আন্দারাবির গানগুলো ছিল আফগানিস্তান ও দেশটির মানুষের প্রশংসা করে। সূত্র: হিন্দুস্তান টাইমস









