আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় বৃহস্পতিবার তালেবান যোদ্ধা ও আহমদ মাসুদের অনুগত বাহিনীর সংঘর্ষে হতাহতের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি দাবি করা হয়েছে। আলোচনার মাধ্যমে পাঞ্জশির সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ার পর তা দখলে অভিযান শুরুর দাবি করেছে তালেবান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাদের যোদ্ধারা পাঞ্জশিরে প্রবেশ করেছে এবং কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
তিনি বলেন, স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর আমরা অভিযান শুরু করেছি। আমাদের অভিযানে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে আহমদ মাসুদের নেতৃত্বাধীন ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান-এর এক মুখপাত্র দাবি করেছেন, উপত্যকার সব সড়ক ও প্রবেশ পথের নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। শটুল জেলায় উপত্যকায় প্রবেশ পথে তালেবানকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। দুটি জায়গায় সংঘর্ষে বেশ কয়েকজন তালেবান যোদ্ধা নিহত ও আহত হয়েছে।
মুখপাত্র বলেন, জাবুল-সারাজ থেকে শটুলে প্রবেশের একাধিক চেষ্টা চালায় শত্রুরা।
উভয় পক্ষ হতাহতের ভিন্ন সংখ্যা দাবি করেছে। তবে স্বতন্ত্রভাবে তাদের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
তালেবান বলছে, তারা পাঞ্জশির উপত্যকা চারদিক থেকে ঘিরে রেখেছে। প্রতিরোধ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা আত্মসমর্পণ করবে না।









