আফগানিস্তানে নতুন সরকারের ঘোষণা শুক্রবার দিতে পারে তালেবান। গোষ্ঠীটির দুটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের পর নতুন প্রশাসনের ঘোষণা দেওয়া হতে পারে।
যুক্তরাষ্ট্র দুই দশকের যুদ্ধের ইতি টেনে পুরোপুরি আফগানিস্তান ছাড়ার কয়েক দিনের মধ্যে তালেবান নতুন সরকার গঠন করতে যাচ্ছে। তবে পশ্চিমা বিশ্ব অপেক্ষা ও পর্যালোচনায় রয়েছে। কিছু যোগাযোগের ক্ষেত্র তৈরি হওয়ায় নেতারা সরকার গঠনের দিকে দ্রুত আগাচ্ছে।
জাতিসংঘ জানিয়েছে, তারা দেশটিতে মানবিক ত্রাণ সহযোগিতার ফ্লাইট পুনরায় চালু করেছে। এতে করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মাজার-ই-শরিফ ও কান্দাহারের যোগাযোগ স্থাপিত হলো।
শুক্রবার এক তালেবান মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানে দূতাবাস খোলা রাখতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিশ্রুতি দিয়েছে এবং মানবিক সহযোগিতা করবে।
ওয়েস্টার্ন ইউনিয়ন ও মানিগ্রাম আফগানিস্তানে অর্থ স্থানান্তর শুরু করেছে। কাতার পুনরায় কাবুল বিমানবন্দর চালুর জন্য কাজ করছে।
এর আগে তালেবানের শীর্ষস্থানীয় নেতা আনাস হক্কানি জানান, আগামী কয়েক দিনের মধ্যে নতুন সরকার একটি রূপ লাভ করবে। তবে সরকারের মন্ত্রিসভায় কারা থাকবেন সে বিষয়ে কথা বলার সময় এখনও আসেনি।
আনাস হক্কানি বলেন, সরকার গঠনের ৯০ থেকে ৯৫ শতাংশ কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে।









